বকুলতলায় ছায়ানটের শরৎ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের সূর্য উঁকি দিয়েছে। সেতার, হারমোনিয়াম, বাঁশির সুরে নতুন একটি দিনের আহ্বান। তাতে ছিল শরতের নিমন্ত্রণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল শুক্রবার ছুটির দিনের ভোরে ছায়ানট আয়োজন করেছিল শরৎ উৎসব। ভোর থেকেই বকুলতলায় শরৎ উৎসবে শামিল হতে দর্শকদের সমাগম শুরু হয়েছিল। নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। নদীর তীরে হাওয়ায় দুলছে এখন সাদা কাশফুল। মঞ্চও সাজানো হয়েছিল চারপাশে কাশফুলের গুচ্ছ দিয়ে। উৎসবে অংশ নিতে আসা দর্শকদের পোশাকেও ছিল শরতের নীল-সাদার প্রভাব। তরুণীরা পরেছিলেন সাদা ও নীল রঙের নকশা করা শাড়ি। অনেকের খোঁপায় জড়ানো শিউলির মালা। ‘বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে’ গানটি দিয়ে শুরু হয়েছিল উৎসবের কার্যক্রম। ছায়ানটের সমাপনী বর্ষের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন।এরপর মিতা হক গেয়ে শোনান ‘আলোর অমল কমলখানি’। এই গানের সঙ্গে ছিল সামিনা হোসেনের নৃত্য পরিবেশনা। একক ও সম্মেলক গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। গানগুলোর মধ্যে ছিল: ‘তুমি উষার সোনার বিন্দু’, ‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’, ‘আমার মনের মাঝে’, ‘শরৎ আলোর কমলবনে’, ‘কেন আমায় পাগল করে যাস’, ‘এবার অবগুণ্ঠন খোল’ ইত্যাদি।সংগীত পরিবেশনায় অংশ নেন নির্ঝর চৌধুরী, সেঁজুতি বড়ুয়া, উম্মুল ওয়ারা বিনতে নাঈম, কাঞ্চন মোস্তফা, মৃত্তিকা সহিতা, ঝুমুর আহমেদ প্রমুখ। কোনো কোনো গানের সঙ্গে ছিল নৃত্য। সবশেষে ছায়ানটের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে ‘আজ ধানের ক্ষেতে’ এবং জাতীয় সংগীত পরিবেশন করেন।