বকুলতলায় যুবরাজ জয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবরাজ জয়ন্তীতে চারুকলার বকুলতলায় গান করেন তাঁর পরিবারের সদস্যরা । ছবি: প্রথম আলো
যুবরাজ জয়ন্তীতে চারুকলার বকুলতলায় গান করেন তাঁর পরিবারের সদস্যরা । ছবি: প্রথম আলো

জন্মদিন পালিত হলো ঘটা করেই। তাঁকে ছাড়া। তিনি খালেদ খান, চলে গেছেন না-ফেরার দেশে। কাছের মানুষের কাছে তিনি ‘যুবরাজ’ ডাকনামেই পরিচিত ছিলেন। গতকাল রোববার ছিল তাঁর ৫৭তম জন্মবার্ষিকী। ‘যুবরাজ জয়ন্তী’ নামে দিনটি পালনের আয়োজন করেছিল খালেদ খান জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ চারুকলা অনুষদের বকুলতলায়।
জন্মদিনের অনুষ্ঠান মূলত আনন্দের হলেও তাঁর অকালপ্রয়াণের বেদনাও বিঁধেছিল সমবেত গুরুজন, সতীর্থ, সুহূদ, আত্মীয় ও অনুরাগীদের অন্তরে। সকাল সাতটায় অনুষ্ঠান শুরু হয়েছিল শিল্পী মনিরুজ্জামানের বাঁশির সুরে সুরে। এরপর ধ্রুপদ কলা কেন্দ্রের শিল্পীরা ‘কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা’ গানের সঙ্গে পরিবেশন করেন দলীয় নৃত্য।
খালেদ খানের স্মৃতিচারণা ও তাঁর অভিনয় নিয়ে আলোচনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও নাট্যজন রামেন্দু মজুমদার। নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্যরা ‘অন্তর মম বিকশিত কর’ গানটি এবং রক্তকরবী নাটকের কিছু অংশ পরিবেশন করেন। এরপর ছিল যুবরাজের পরিবারের সদস্যদের গান। মেয়ে জয়িতা খান শোনান ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ভাই মামুন জাহিদ খান গেয়েছেন ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে’ ও শুভরাজ শোনান ‘দূরে কোথায়’। পরে শারমিন সাথী পরিবেশন করেন ‘আমার আপনার চেয়ে আপন’, ভজন খ্যাপা পরিবেশন করেন ‘আর কী হবে মানব জনম’। আরও গান করেছেন সঞ্চিতা দত্ত, ইলোরা আহমেদ। অনুষ্ঠানের সমাপ্তি টানেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।