বকুলতলায় সংবর্ধিত শাহাবুদ্দিন

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ সম্প্রতি ফরাসি সরকারের কাছ থেকে পেয়েছেন ‘শোভালিয়ে দো লর্দ্ দেজার্ত এ দে লেত্র্’ খেতাব। এ প্রাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
রবীন্দ্রনাথের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য-সুন্দর’ গানটি দিয়ে শুরু হয় আয়োজন। গাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক তপন সরকার। এরপরই একই বিভাগের আরেক শিক্ষক দেব প্রসাদ গাইলেন ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল’।
সংবর্ধিত শিল্পীকে স্নেহাশিষ জানিয়ে বক্তব্য দেন তাঁর শিক্ষক শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও রফিকুন নবী। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মানপত্র পাঠ করেন শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ। অভিজ্ঞানপত্র পাঠ করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহাবুদ্দীন বলেন, ‘আমার জীবনের সোনালি পাঁচ বছর কাটিয়েছি চারুকলা প্রাঙ্গণে। তখন ছাত্র-শিক্ষক সবাই একটি পরিবারের মতো ছিলেন। আজ ৪৫ বছর পরে সেই চারুকলাতেই শিক্ষকদের হাত থেকে শুভেচ্ছা নিচ্ছি। এটা আমার জন্য বিশাল ব্যাপার। আজ আমার হৃদয় আরও বড় হয়ে গেছে, বুকটা ভরে গেছে।’