
‘থিয়েটার একটা সার্বক্ষণিক কাজ। চাকরিবাকরি করে থিয়েটারের মতো সার্বক্ষণিক কাজ করা সম্ভব নয়।’ কথাটি শুনে খানিকটা চমকে গেলেন কি? হ্যাঁ, বাকার বকুলের মুখে এমন কথা শুনে চমকে গিয়েছিলাম আমরাও। তিনি ঠিক বলছেন তো? এবার নিজের কথার সপক্ষে বকুল বললেন আরও কিছু কথা, ‘থিয়েটার একটা বিজ্ঞান। সর্বমাধ্যমকে নিয়েই এ শিল্পের কায়কারবার। তাই আপনি যখন অন্য অনেক কিছুর পাশাপাশি থিয়েটার করতে চাইবেন, সেটা হয়তো শখের থিয়েটারই হবে—প্রকৃত থিয়েটার, যেখানে থাকে শারীরিক শক্তি ও পরিশ্রম, কণ্ঠের কাজ এবং মানসিক ব্যাপার—সেই থিয়েটারের জন্য প্রয়োজন সব সময় এর মধ্যে ডুবে থাকা।’—বাকার বকুল কথা বলছিলেন তন্ময় হয়ে, অনেকটা মঞ্চে সংলাপ প্রক্ষেপণের মতো করে।
১১ আগস্ট সন্ধ্যা। আমাদের চারপাশে তখন অনেক মানুষের জটলা, হট্টগোল। আমরা বসে আছি কারওয়ান বাজারে, একটি ভ্যানগাড়ির ওপর। এখানে অনেক মানুষের মধ্যে বসে বকুল বলে চলেছেন থিয়েটারের মানুষ হওয়ার গল্প, তাঁর জীবনের কাহিনি।
ফুটবলার হতে চেয়েছিলেন ছেলেবেলায়। জন্মশহর ফরিদপুরে ফুটবল-ক্রিকেট দুই খেলাতেই বেশ নামডাক ছিল। তবে এখানকার নাট্যসংগঠন ফরিদপুর থিয়েটার ঘুরিয়ে দিল তাঁর স্বপ্ন। ধীরে ধীরে তাঁকে গ্রাস করল রঙ্গমঞ্চ, নাটক। এরপর স্বপ্ন দেখলেন অভিনেতা হবেন।
‘অভিনেতা হওয়ার জন্যই তো ফরিদপুর থেকে ২০০০ সালে ঢাকায় আসা। তত দিনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছি নাটকের সঙ্গে।’—বললেন বকুল। তাঁর অভিনেতা হওয়ার স্বপ্ন যে হাওয়া পেয়ে খানিকটা ফুলে-ফেঁপে উঠেছে—অভিনয় ছাড়াও নাটকের অন্যান্য জায়গায় যে বেশ হাত পাকিয়েছেন তিনি, এটা বুঝতে খুব বেগ পেতে হয় না। কারণ, এর মধ্যে ঢাকার মঞ্চে অভিনয়ের পাশাপাশি তরুণ নির্দেশক ও নাট্যকার হিসেবেও তিনি পরিচিতি পেয়েছেন। আলোচিত হয়েছে তাঁর নির্দেশিত বনমানুষ ও ঊর্ণাজাল। নিজের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কনসেনট্রেশন ক্যাম্প. ’৭১ -এরও নির্দেশক তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে পরিবেশ থিয়েটার হিসেবে এ প্রযোজনাটি মঞ্চস্থ করেছিলেন ফরিদপুর স্টেডিয়ামের টেনিস গ্রাউন্ডে। ভিন্নধর্মী ডিজাইনের কারণে আদৃতও হয়েছিল নাটকটি।
এসব তো বকুলের সাফল্যের গল্প। তবে সাফল্যের জন্য এই তরুণ নাট্যজনকে হাঁটতে হয়েছে অনেকটা পথ। ‘নষ্ট রাজনীতির চক্করে আমার জীবনটা বদলে যেতে পারত। কিন্তু যখন নাটক আমাকে টানল, সেই সময় আমার মা আমাকে প্রবলভাবে উৎসাহ দিয়েছেন। আমার অনেক কাজই তিনি সমর্থন করেননি, কিন্তু নাটকের ক্ষেত্রে বরাবরই ছিল তাঁর “হ্যাঁ”।’
বকুল স্বীকার করলেন, মায়ের এই ‘হ্যাঁ’-ই তাঁকে বদলে দিয়েছে। নানা নাট্যদল ঘুরে এখন তিনি কাজ করছেন প্রাচ্যনাটের সঙ্গে। বললেন, ‘প্রাচ্যনাটে এসে, বিশেষত পাভেল (আজাদ আবুল কালাম) ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সঙ্গে কাজ করতে গিয়েই বুঝেছি নাটককে কীভাবে সার্বক্ষণিকভাবে গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে তিনি আমার শিক্ষক।’
জীবন যাপনের জন্য চাকরি কেরছেন বাকার বকুল। কিন্তু পুরোপুরি থিয়েটার নিয়ে মেতে থাকার জন্য একসময় ছেড়ে দেন চাকরি।
কেবল থিয়েটার করে কি বেঁচে থাকা সম্ভব?
বকুল উত্তর দিলেন, ‘কষ্টকর, কিন্তু অসম্ভব নয়। আসলে আগে নিজের চাহিদাটি ঠিক করা দরকার—আমি কী চাই।’
কারওয়ান বাজারে ভ্যানগাড়ির ওপর বসে কথা চলছে—অনেক কথা। আর সেসব কথার ফোকর গলে আমরা দেখতে পাচ্ছি এক নিবিষ্ট, জেদি নাট্যকর্মীর মুখ।