বকুলের হ্যাট্রিক
কবির বকুলের বাছাই করা স্বরচিত ১০টি চলচ্চিত্রের গান১. যায় দিন যায় একাকী২. কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে৩. আমার মাঝে নেই এখন আমি৪. দুঃখটাকে দিলাম ছুটি৫. আসবার কালে আসলাম একা৬. আকাশ ছুঁয়েছে মাটিকে৭. এত ভালোবেসো না আমায়৮. লাজুক পাতার মত লজ্জাবতী৯. তোমারে দেখিলো পরানো ভরিয়া১০. একটা চাঁদ ছাড়া রাত আঁঁধার কালো—ভীষণ খুশি —আনন্দে আত্মহারা—বাকরুদ্ধপরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি এমন ছিল। যাঁর লেখা গানের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। এর মধ্যে অধিকাংশ গানই জনপ্রিয়। অসংখ্য গানের গীতিকার এই মানুষটি হলেন কবির বকুল। একমাত্র হ্যাটট্রিক করা গীতিকার বললেও ভুল হবে না। ২০০৮ সালে নার্গিস আকতারের মেঘের কোলে রোদ চলচ্চিত্রের ‘বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে’, পরের বছর পি এ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা চলচ্চিত্রের ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’ এবং ২০১০ সালে বদিউল আলম খোকনের নিঃশ্বাসে আমার তুমি চলচ্চিত্রের ‘রুপালি চাঁদ নেমেছে’ গানটির জন্য পুরস্কার পেয়েছেন। ‘মজার বিষয় হলো এই তিনটি চলচ্চিত্রের সবগুলো গান আমার লেখা। ফলে প্রতিটি গানই প্রিয়। সিনেমার প্রেক্ষাপটের সঙ্গে যে গানটির শব্দচয়ন, ছন্দময়, চিত্রায়ণ—সব মিলিয়ে মানুষের হূদয়কে স্পর্শ করে,সেটির জন্য পুরস্কার পেয়েছি। আর চলচ্চিত্রের গান লেখার সময় নিজের আবেগ মেশানোর সুযোগ কম থাকে। পরিচালক একটি গল্প শোনান, গানের প্রেক্ষাপট বর্ণনা করেন। সেভাবেই গানটি লিখতে হয়। তবে কুমার বিশ্বজিতের গাওয়া “একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো” গানটির বিষয়টি একটু ব্যতিক্রম। আমার মাকে নিয়ে কখনো গান লেখার সুযোগ হয়নি। একটা অতৃপ্তি সব সময় কাজ করেছে। গানটি লেখার আগের রাতে সারা রাত মার কথা ভেবেছি। পরদিন কুমার বিশ্বজিতের সামনে বসে একটানা গানটি লিখে ফেলেছিলাম। মনে হয়েছে কত দিন মাকে দেখি না। মার কথা সে মুহূর্তে বারবার মনে পড়ছিল।’ একটা সময় সোলসের ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর’, পালসের ‘চন্দ্রিমা রাত’-এর মতো গান লিখেছেন, এখন সে রকমটা দেখা যাচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে কবির বকুল বলেন, ‘এ সময়টা তরুণদের। ওদেরও সুযোগ দিতে হবে। ব্যান্ডের গান তরুণেরা ভালো লিখছেন। সেটি একটা কারণ। অন্যটি হলো সময়ের অভাব। জীবনে যান্ত্রিকতা এত বেশি যে অনেক সময় কেউ বললেও সময় হয়ে ওঠে না। কিন্তু কেউ যদি আমাকে দেশের গান লিখতে বলে তবে সবচেয়ে ভালো লাগে। ব্যক্তি হিসেবে আমারও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। মাদক কিংবা এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে বা সমাজের যেকোনো অসংগতি নিয়ে গান লেখার সুযোগ পেলে রাজি হয়ে যাই। বর্তমানে ইউনিসেফের একটি প্রকল্পের জন্য গান লিখছি। যেকোনো ভালো উদ্যোগের পাশে থাকি।’ সংগীতশিল্পী তপন চৌধুরীর হাত ধরে গানের জগতে প্রবেশ। ‘আমি হয়তো এ অবস্থানে আসতে পেরেছি তাঁর কারণে। কিন্তু প্রয়াত সুরকার আবু তাহেরের মাধ্যমে অবশ্য আমার চলচ্চিত্রের গানে প্রবেশ। ১৯৯৪ সালে অগ্নি সন্তান চলচ্চিত্রে প্রথম গান লিখি। আর প্রথম লেখা গানের জন্য পুরস্কার না পেলেও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পেয়েছিলাম। আর পরপর তিনবার যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম মনে হয়েছে এ জীবনে আমার আর চাওয়ার কিছু নেই। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি। এটিও ঠিক যে এই পুরস্কার আগের চেয়ে দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে। নতুন কিছু করার তাগিদ দিচ্ছে। একটা সময় ভেবেছি, ইস, রুনা লায়লার মতো শিল্পীরা যদি আমার লেখা গান গাইতেন। সেই স্বপ্নও পূরণ হয়েছে। দেশের প্রায় সব প্রজন্মের শিল্পীরা আমার লেখা গান গেয়েছেন। এমনকি ভারতের বাপ্পি লাহিড়ী, শান, কুমার শানু, মিতালি মুখার্জি, বাবুল সুপ্রিয়, জোজো, রাঘব চ্যাটার্জি, অন্বেষাসহ অনেকে আমার লেখা গান গেয়েছেন।’ সুবল দাস, সত্য সাহা, আলম খান, আলাউদ্দিন আলী ও প্রণব ঘোষের মতো সুরকারদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে কবির বকুলের। এ জন্য নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন। ‘এমন একটা সময় ছিল যখন বছরে প্রায় ১০০টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেত। এখন সেখানে ৪০টির মতো হয়তো মুক্তি পায়। চলচ্চিত্রের ক্রান্তিকাল চলছে। আশা করছি, খুব শিগগির এ অবস্থার অবসান হবে।’কবির বকুলের ভালো ভালো গান লেখার পেছনে কাগজ-কলমের গোপন একটা ভূমিকা রয়েছে। সেটি জানতে চাইলে হেসে বলেন, ‘আসলে সব কাজ কম্পিউটারে করলেও কাগজ-কলমে গান লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কখনোই কোনো গান কম্পিউটারে লেখা হয়নি। আর গান লেখার জন্য সাধারণত ভোরের সময়টাকেই বেছে নেওয়া হয়।’গীতিকার কবির বকুল বর্তমানে মাছরাঙা টেলিভিশনে কর্মরত। এর আগে দীর্ঘ সময় তিনি দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। কথা বলার ফাঁকে একমাত্র এক বছর বয়সী ছোট্ট ছেলে প্রচ্ছদ ঢোল বাজাতে থাকে। ‘আমার দুই মেয়ে প্রেরণা, প্রতীক্ষা ও ছেলে প্রচ্ছদ। মেয়েরা গান করে। আমার খুব গিটার শেখার শখ ছিল। বড় মেয়ে প্রেরণা যখন শিখতে চাইল আমি ওকে গিটার শেখাতে নিয়ে গেলাম। জীবনসঙ্গী হিসেবে সংগীতশিল্পী দিনাত জাহানের সহযোগিতা ও অনুপ্রেরণা অপরিসীম। আর মা-বাবার উৎসাহ তো রয়েছেই।’ বলেন চাঁদপুরের এই সন্তান।