বগুড়ায় দুই উৎসব

১৯৮০ সালের ২৯ মে। বগুড়ার নবাববাড়ির একঝাঁক নাট্যপ্রেমী তরুণ মেতে উঠেছেন সৃজনশীল কর্মানন্দে। গড়ে তুলেছেন নাট্যদল বগুড়া থিয়েটার। দলটির প্রথম নাটক পাপপুণ্য। রচনা করেছেন রতন কুমার ঘোষ এবং নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান। পাপপুণ্য নাটকের প্রদর্শনী এবং লোকজ আঙ্গিকে তৈরি বিভিন্ন নাটকের গানের পরিবেশনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে বগুড়া থিয়েটার। তারপর কেবল এগিয়ে চলা। একে একে মঞ্চে আসে ইংগিত, যুদ্ধ এবং যুদ্ধ, কথা পুণ্ড্রবর্ধন, কৈবর্ত বিদ্রোহ এবং কোর্ট মার্শাল নাটকের মতো অসংখ্য নন্দিত নাটক।
এরই মধ্যে দলটি অতিক্রম করেছে ৩৩ বছরের দীর্ঘ নাট্যযাত্রা। দলের নাট্যচর্চার খাতায় যুক্ত হয়েছে ৪০টি মঞ্চনাটক ও ২৫টি পথনাটক। শুধু নাটকের প্রদর্শনী নয়, লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও চর্চার জন্য প্রতিবছরই তারা আয়োজন করে চলেছে ‘শিকড়ের সন্ধানে’ নামে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার। এবার তারা আয়োজন করেছে দলের তিন দশক পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের। নিজেদের পাঁচটি প্রযোজনা নিয়েই তাদের এ উৎসব। বিভিন্ন অঞ্চলের লোকগানের পরিবেশনার মধ্য দিয়ে নাট্যোৎসবটি শুরু হয়েছিল ১ জুন সন্ধ্যা সাতটায়। বগুড়ার টিটু মিলনায়তনে নাট্যোৎসবটির উদ্বোধন করেন নাট্যকার সেলিম আল দীনের স্ত্রী মেহেরুন নেসা সেলিম। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে সৈয়দ শামসুল হকের নাটক নূরলদিনের সারাজীবন। এ ছাড়া উৎসবের বাকি দিনগুলোতে মঞ্চস্থ হয়েছে কৈবর্ত বিদ্রোহ, কোর্ট মার্শাল, শেষের রাত্রি ও মাকড়সা। কৈবর্ত বিদ্রোহ নাটকের কোরিওগ্রাফির মধ্য দিয়ে নাট্যোৎসবটি শেষ হয়েছে ৫ জুন।
২.
বগুড়ার ধুনট থিয়েটার আয়োজন করেছে দলের ২৮ বছর পূর্তি উৎসব। বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটি অঙ্গসংগঠন ধুনট থিয়েটার। লোক আঙ্গিকের নাট্যচর্চার উদ্দেশ্যে ১৯৮৫ সালে গড়ে ওঠে থিয়েটারটি। সালাম সাকলাইনের রচনায় চোর নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে যাত্রা শুরু করে ধুনট থিয়েটার। এই পর্যন্ত দলটি মঞ্চে এনেছে ২২টি মঞ্চনাটক এবং ১৮টি পথনাটক। এরই মধ্যে দলটি অতিক্রম করেছে দুই দশকেরও বেশি সময়। এ উপলক্ষে তারা আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যোৎসবের। ধুনট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নাট্যোৎসবটির উদ্বোধন হয়েছে ১৪ জুন সন্ধ্যা সাতটায়। উদ্বোধন করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে সিরাজগঞ্জ নাট্যচক্রের নাটক নাবালক। উৎসবের বাকি দিনগুলোতে মঞ্চস্থ হয়েছে বগুড়া থিয়েটারের কোর্ট মার্শাল ও ধুনট থিয়েটারের নাটক সেতারা বানুর কিচ্ছা। বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ভোর হলো-এর নানা পরিবেশনার মধ্য দিয়ে নাট্যোৎসবটি শেষ হয়েছে ১৬ জুন।
এই দুটি থিয়েটারের নাট্যোৎসবের আয়োজন প্রসঙ্গে বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাছান ময়না বলেন, ‘আমরা বাংলাদেশ গ্রাম থিয়েটারের আদর্শে বিশ্বাসী। সেই লক্ষ্যে বগুড়া থিয়েটার তার নিজস্ব নাট্যচর্চার পাশাপাশি বাংলার লোকজ আঙ্গিকগুলোকে সংগ্রহ করে তা মঞ্চে নিয়ে আসার জন্য নিরলস কাজ করে চলেছে।’