সংগীতে কণ্ঠ মিলিয়ে শিঙা, শঙ্খ, শানাই আর ঢোলের তালে শরীর দুলিয়ে নাট্যকর্মীদের শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বগুড়ায় পথনাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া থিয়েটারের অন্যতম সহযোগী নাট্যসংগঠন কলেজ থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষে এই পথনাট্যোৎসবের আয়োজন করা হয়। বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক বজলুল করিম বাহার শঙ্খ ও শিঙার ধ্বনির মাধ্যমে উৎসব উদ্বোধন করেন।
নাটকের মাধ্যমে মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে বেলা তিনটায় শহরের সাতমাথায় এ উৎসব শুরু হয়। দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বেল্লাল হোসেন, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, দৈনিক কালের খবর-এর সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, বগুড়া মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।