বগুড়া ইয়্যুথ কয়্যারের 'টিপু ভাই'

‘ওই কালো ছুড়িডা হামাক পাগলা করিচে, ওই কালো ছুড়িডা হামাক দেওয়ানা করিচে, তার কালো চোখের তিরডা হামার কলজাত ঠেকিচে।’—কালো মেয়ের দুঃখ ভোলানো এই গান আশির দশকে ছিল তুমুল জনপ্রিয়। ‘বগুড়া ইয়্যুথ কয়্যার’-এর সেই গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। জনপ্রিয় এ গানের স্রষ্টা তৌফিকুল আলম। তবে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে ছোট-বড় সবার কাছে তিনি কেবল ‘টিপু ভাই’।
আঞ্চলিক ভাষায় গান করে গানকে ভিন্নমাত্রার কোরিওগ্রাফি দিয়ে বগুড়া ইয়্যুথ কয়্যারের প্রতিষ্ঠাতা এই ‘টিপু ভাই’ একসময় অনেক গানকে জনপ্রিয় করে তুলেছিলেন। জীবনের পরিণত পর্যায়ে পৌঁছে তাঁর কথায় আজও যেন পাওয়া যায় তারুণ্যের আভা, ‘ষাটের দশকে ছাত্র ইউনিয়ন করতাম। মুক্তিযুদ্ধের পর উদীচী শিল্পীগোষ্ঠীর হয়ে দল বেঁধে গ্রামে গ্রামে গাইলাম গণসংগীত। সেই সময় জাগরণের গান করত কলকাতা ইয়্যুথ কয়্যার। তাদের গানে অনুপ্রাণিত হয়ে একসময় আঞ্চলিক গানের মাধ্যমে গ্রামের যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার চিন্তা এল মাথায়। এরপর তো ১৯৭৬ সালে গড়ে তুললাম বগুড়া ইয়্যুথ কয়্যার।’
বগুড়া ইয়্যুথ কয়্যারের জন্মকথা শোনা হলো। কিন্তু কীভাবে সে সময় লেখা হলো দেশপ্রেম জাগানিয়া জনপ্রিয় আঞ্চলিক গানগুলো?
‘সত্তরের দশকে বগুড়ার শেরপুরের বিখ্যাত দইয়ের দাম পাঁচ শিকা থেকে এক লাফে পাঁচ টাকায় ওঠে। দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে গান লিখি “গোবরা খ্যায়া যা শেরপুরের দই, পাঁচ শিকা আচল এখন পাঁচটেকায় লই।” এ গান দিয়েই কিন্তু ইয়্যুথ কয়্যারের শুরু।’
ইয়্যুথ কয়্যারের গান দেশজুড়ে ছড়িয়ে দিলেন কীভাবে?—তাঁর সঙ্গে আমাদের কথোপকথন চলতে থাকে।

টিপু বলেন, ‘১৯৭৮ সাল। বগুড়া মহিলা ক্লাবে গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এসেছিলেন সেই সময়কার তথ্যসচিব। আমরা পরিবেশন করলাম “হামরা বগুড়ার ছল, পুঁটি মাছ মারবার য্যায়া মারে আনি বোল”, “ক্যারে বড় বউ তুই ঘুমত থ্যাকে উঠিস না ক্যারে”সহ বেশ কয়েকটি গান। অনুষ্ঠান শেষে তথ্যসচিব মুগ্ধ। আমাকে নিয়ে গেলেন ঢাকায়। বিটিভির তৎকালীন প্রযোজক নওয়াজেশ আলী খানকে ডেকে ইয়্যুথ কয়্যারের গান ধারণ করতে বললেন। কয়েক মাস পর ডাক পড়ল বিটিভি থেকে। কিন্তু গান ধারণ করতে গিয়ে “ওই কালো ছুড়িডা” গানে আপত্তি তুললেন প্রযোজক। ১৯৭৯-তে ইয়্যুথ কয়্যারের আটটি গান বিটিভিতে প্রথম প্রচার হওয়ার পর ব্যাপক জনপ্রিয় হলো। সারা দেশ থেকে অনুষ্ঠানের ডাক পেলাম।’
টিপু বলে চলেছেন, ‘ইয়্যুথ কয়্যারের গান তখন মানুষের মুখে মুখে। আশির দশকে বের হলো প্রথম অডিও অ্যালবাম গ্যাঞ্জাম। এ অ্যালবামের গানের মধ্যে “গ্যাঞ্জাম লাগিসে খালি গ্যাঞ্জাম”, “ওই কালো ছুড়িডা হামাক”, “হামি বিশ্বসুন্দরী প্রতিযোগিতাত এডা কেনডিডেট পাঠামু, নাম শুকিমন”, “অস্ত্রডা জমা দিচি টেরলিং ডা না, তুই ক্যামা মিছামিছি ভয় করিস মা”, “ক্যারে বড় বউ তুই ঘুমত থ্যাকে উঠিস না ক্যারে”—এসব গান বেশ জনপ্রিয় হয়েছিল।’
‘ওই কালো ছুড়িডা হামাক’ গানটির জনপ্রিয়তা যখন তুঙ্গে, বিটিভিতে তখন প্রচার হলো গানটি। এ গান প্রচারের পর ইয়্যুথ কয়্যারের জনপ্রিয়তা খোলতাই হলো আরও।
ইয়্যুথ কয়্যারের প্রতিটি গানে রয়েছে সমাজকে জাগানোর বার্তা। বিভিন্ন টেলিভিশনে সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৬০টি অনুষ্ঠান করেছে। সাংস্কৃতিক অঙ্গনে ‘কোরিওগ্রাফ অ্যাক্রোবেটিক’ নামে একটি নতুন ধারার সৃষ্টিও করেছে তারা। প্রায় ৫০ জেলায় অনুষ্ঠান করেছে ইয়্যুথ কয়্যারের শিল্পীরা।
এই সংগঠনের পুরোধা ব্যক্তি, সবার কাছে আজও যিনি ‘টিপু ভাই’, সেই মানুষটির বয়স এখন ৬৫ বছর। এখন তিনি শুধু গানের কথা ও সুর দেওয়ার কাজেই নিয়োজিত। এখন সংগঠনে কোরিওগ্রাফি নির্দেশনা দিচ্ছেন তাঁর একমাত্র মেয়ে জয়নব তাবাসসুম, সোনালী নামে বগুড়ার সবাই চেনে তাঁকে। তাবাসসুমের নেতৃত্বে বর্তমানে বগুড়া ইয়্যুথ কয়্যারে রয়েছে প্রায় ৫০ জন তরুণ-তরুণী।
সম্প্রতি নারী ও শিশুর অধিকার নিয়ে নতুনভাবে আবার মঞ্চে আসছে সংগঠনটি। দ্রুতই বের হবে গানের মিউজিক ভিডিও। এ জন্য বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে ইয়্যুথ কয়্যারের কার্যালয়ে নিয়মিত চলছে মহড়া।
তবে বগুড়া ইয়্যুথ কয়্যার ও গানের জগৎ থেকে এখন কি অবসর নেওয়ার সময়এসেছে টিপুর? আমাদের কথায় হেসে উঠলেন তিনি। তাঁর ওই হাসিই বলে দিচ্ছে, না, এখনই শেষ নয়—আরও অনেক পথ বাকি।