বগুড়া কলেজ থিয়েটারের 'দাওয়াত'-এর প্রথম মঞ্চায়ন
গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বগুড়ায় পৌর পার্কের পুকুরপাড়-সংলগ্ন ব্যায়ামাগার চত্বরে কলেজ থিয়েটার বগুড়ার নতুন নাটক দাওয়াত-এর প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ৩৫ মিনিট ব্যাপ্তিকালের এ নাটকটি রচনা করেছেন কলেজ থিয়েটারের উপঅর্থ সম্পাদক ওসমান গণি এবং নির্দেশনা দিয়েছেন সহসভাপতি শোভন চন্দ্র সরকার।
নাটকের কাহিনিতে ফুটে উঠেছে মানুষের বেঁচে থাকার সংগ্রাম। নাটকটিতে সমাজের মানুষকে ইঙ্গিত দিয়েছে, সমাজ থেকে বৈষম্য দূর হোক এবং দেশে বেকারত্বের অবসান হোক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিজুল ইসলাম, তন্ময় সূত্রধর, সাইফুল ইসলাম, সঞ্চয়িতা সরকার, রাখি খাতুন, রেজোয়ান রাফি, ফিরোজুল ইসলাম, হাসানুজ্জামান, মুহাইমিনুল ইসলাম, আতিকুর রহমান, ইমাম হাসান। আবহ সংগীত পরিবেশন করেন নির্মল মাহাতো, মিঠু দাস, রাশিয়ান চন্দ্র, আশিকুর রহমান।
নাটকের উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন। বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহসভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং বগুড়া থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার।