
বগুড়ার মঞ্চে প্রশংসিত হলো কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধের প্রযোজনা ও উইলিয়াম শেক্সপিয়ারের কাহিনি অবলম্বনে রচিত নাটক ছৌ ম্যাকবেথ। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত আন্তজেলা নাট্যোত্সবে গত শনিবার সন্ধ্যায় রবীন্দ্রনগর নাট্যায়ুধ মঞ্চস্থ করে নাটকটি। নাট্যরূপ ও নির্দেশনা দেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী পশ্চিমবঙ্গের তরুণ নাট্য নির্দেশক দানী কর্মকার। শেক্সপিয়ারের মূল কাহিনি ঠিক রেখে দানী কর্মকার ভিন্ন আঙ্গিকে মঞ্চে উপস্থাপন করেন ‘ম্যাকবেথ’কে। ছৌ ম্যাকবেথের মূল চরিত্রে অভিনয়ও করেন তিনি।
রবীন্দ্রনগর নাট্যায়ুধের নাট্যনির্দেশক দানী কর্মকার প্রথম আলোকে বলেন, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার লোকনাট্য ‘ছৌ’কে আঁধার করে এই নাটকের কাহিনিবিন্যাস সাজানো হয়েছে। নাটকটি মঞ্চায়নে সম্পূর্ণ ছৌ আঙ্গিক ব্যবহার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার শহীদ টিটু মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে আট দিনব্যাপী আন্তজেলা ও আন্তস্কুল নাট্যোৎসবের। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বগুড়া থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো সংগঠন এই নাট্যোৎসবের আয়োজন করে। উদ্বোধনী শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশ নেন বরেণ্য দুই কণ্ঠশিল্পী মো. খুরশিদ আলম ও শওকত হায়াত খান। উৎসবের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান ও বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।

ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের নীলাখ্যান নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উত্সব শুরু হয়। আ ন ম জামান রচিত নীলাখ্যান নির্দেশনা দেন ইউসুফ হাসান। রোববার উত্সবের তৃতীয় দিনে সিরাজগঞ্জের নাট্যলোক মঞ্চায়ন করে শাহমান মৈশান রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত লোককাহিনির নাটক নারী নসিমন নাটকটি।
সোমবার উৎসবের চতুর্থ দিনে ছিল পাবনার ড্রামা সার্কেলের নাটক সাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। হাসান শাহরিয়ারের রচনা এবং দোলন আজিজ ও মুস্তাফিজ রাসেলের নির্দেশনায় সাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকটি মঞ্চে ব্যাপক প্রশংসিত হয়। মঙ্গলবার পঞ্চম দিনে ছিল রংপুর নাট্যকেন্দ্রের আলোচিত নাটক শিখণ্ডী কথা।
বুধবার বগুড়া থিয়েটার মঞ্চস্থ করে দ্রোহ। এটি রচনা করেছেন তৌফিক হাসান। বৃহস্পতিবার দিনাজপুরের আমাদের থিয়েটারের ক্ষতবিক্ষত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী এই উৎসব।
‘বালক প্রাণে আলোক জ্বালো, নাট্য মঞ্চ জাগিয়ে তোলো’ স্লোগানে আন্তস্কুল নাট্যোৎসবের বগুড়ার ২৮টি শিশু নাট্যদল একটি করে নাটক মঞ্চস্থ করে। শহরের শহীদ টিটু মিলনায়তনে প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে মঞ্চস্থ হয় আন্তস্কুল নাট্যোৎসবের নাটক।