বগুড়ায় দর্শক বেড়েছে
>

এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র—শাকিব খান ও বুবলী অভিনীত বসগিরি ও শু৵টার এবং পরীমনি ও রোশান অভিনীত রক্ত। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে নতুন ছবিগুলোর হাল। আজ রাজশাহী, রংপুর ও বগুড়ার কয়েকটি প্রেক্ষাগৃহের ঈদের ছবি নিয়ে থাকছে প্রতিবেদন
বগুড়া সদরের ‘মধুবন’ সিনেমা হলে একসঙ্গে বসতে পারেন আট শতাধিক দর্শক। ঈদের আগে কলকাতার ছবির কেলোর কীর্তির কল্যাণে ধুলোপড়া আসনগুলোর বেশির ভাগই দর্শকের স্পর্শ পেয়েছিল। সে আশাতেই শাকিব-বুবলীর ঈদের ছবি শু৵টার চলেছে এই প্রেক্ষাগৃহে। সে আশায় সম্ভবত একেবারে গুড়েবালি হয়নি। ১৫ সেপ্টেম্বর বেলা দেড়টায় গিয়ে এমনটাই মনে হলো।
দুপুর সাড়ে ১২টার শোতে ডিসি ভরপুর। নিচেও অর্ধেক আসন পূর্ণ। বাইরে মূল ফটকের পাশে বেশ কয়েকজন দর্শক ছিলেন পরের শোয়ের অপেক্ষায়। তাঁদের মধ্যে একজন রাশেদ। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল সাড়ে ১২টার শোতেই দেখব। কিন্তু পারলাম না। আসতে আসতে ২০ মিনিট দেরি হয়ে গেছে। চাইলে তখনো ঢুকতে পারতাম। কিন্তু শাকিব খানের সিনেমা ২০ মিনিট দেখব না, তা তো হয় না।’
তবে একজন দর্শক আক্ষেপ করে বললেন, শাকিবের পাশে অপুকে যেমন মানায়, বুবলীকে ততটা মানাচ্ছে না।
৪০ বছরের পুরোনো মধুবন প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী রোকনুজ্জামান মো. ইউনুস বলেন, ‘আমরা সিনেমা হলটি ভেঙে ফেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু কেলোর কীর্তি চালানোর পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি। এ কারণে হলটা ভেঙে না ফেলে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। চাইলে যৌথ সিনেমা নির্মাণ করে আমাদের সিনেমার সুদিন ফেরানো যায়।’
তিনি বলেন, ঈদের দিন এবং তার পরের দিন ভরপুর দর্শক ছিল। গত বৃহস্পতিবার একটু কম হয়েছে।
এখন বগুড়া সদরে দুটি প্রেক্ষাগৃহ সচল। সোনিয়া নামের আরেকটি প্রেক্ষাগৃহে চলছে রক্ত। এই ছবির মূল অভিনয়শিল্পী পরীমনি ও রোশান। এ ছবি দেখতে দর্শকদের ভিড় বেশি। দর্শকেরা চিৎকার ও হুল্লোড় করে বরণ করে নিয়েছেন নতুন এ জুটিকে।