বগুড়ায় নৃত্য উৎসব
‘নৃত্য শুধু বিনোদন নয়, সংস্কৃতির একটি শক্তিশালী মাধ্যম’ স্লোগান সামনে রেখে বগুড়ায় আমরা কজন শিল্পীগোষ্ঠী আয়োজন করল দুই দিনব্যাপী নৃত্য উৎসবের। গত ২৯ মে শহীদ টিটু মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ তাজমিলুর রহমান।অনুষ্ঠানের শুরুতে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসানকে স্বর্ণখচিত মুকুট পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীসহ আরও অনেকে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান, অনিক বসু ও তাঁর দল এবং রংপুর, দিনাজপুরসহ আয়োজক সংগঠনের নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানে লায়লা হাসানকে ফুলেল শুভেচ্ছা জানায় নৃত্য ছন্দম আর্টস একাডেমি, নৃত্য মন্দির, স্বপ্তস্বর নৃত্য একাডেমি, ছন্দে আনন্দে নৃত্য নিকেতন ও সোনাতলা সাংস্কৃতিক সংগঠন।নৃত্য উৎসবের দ্বিতীয় দিন গত ৩০ মে যাত্রাশিল্পে বিশেষ অবদানের জন্য স্বর্ণখচিত মুকুট পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাসকে। সংবর্ধিত অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয়। দ্বিতীয় দিনে নৃত্য পরিবেশন করেন বগুড়া, পাবনা, রায়পুর, দিনাজপুর, নাটোর ও সিরাজগঞ্জের শিল্পীরা। শেষে আমরা কজন শিল্পীগোষ্ঠীর বহুল আলোচিত নৃত্যালেখ্য লাইলী মজনু পরিবেশিত হয়। ভিন্ন ধরনের নৃত্যালেখ্যটি দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে। দুই দিনব্যাপী এই নৃত্য উৎসবের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবদুল মোমিন ও মৌসুমী বিশ্বাস।