বগুড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী সন্ধ্যায় জমজমাট শাস্ত্রীয় সংগীতের আসর। বগুড়ার ম্যাক্স মোটেল মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় কলেজ থিয়েটারের সহযোগিতায় এই শাস্ত্রীয় সংগীত আসরের আয়োজন করে ‘ম্যাক্স মিউজিক্যাল হাট’। এতে টানা প্রায় দেড় ঘণ্টা একক তবলার বাদ্যতে দর্শক বিমোহিত করেন নজরুল একাডেমির সংগীত প্রশিক্ষক অশোক পাল।
সন্ধ্যা সাড়ে সাতটায় শাস্ত্রীয় সংগীতে ভারত থেকে তালিম নিয়ে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামনিয়া ইসলামের খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে শাস্ত্রীয় সংগীতের এই আসর শুরু হয়। তিনি প্রথমে ভোপালি রাগ পরিবেশন করেন। শেষে তামনিয়া পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কথা ও সুরে বাঙলা গান ‘যদি কণ্ঠ দাও, তোমারে গাহি গান’ পরিবেশন করেন।
তামনিয়া বলেন, সাত বছর বয়সে ওস্তাদ কাজল দেবের কাছে শাস্ত্রীয় সংগীতে হাতেখড়ি তাঁর। পরে তিনি ভারতী আইচ, ওস্তাদ করিম শাহাবুদ্দিন ও বর্তমানে ভারতের রনু মিত্রের কাছে তালিম নিচ্ছেন।
পরে মঞ্চে তবলার তালে রাগ সংগীতের জাদু নিয়ে আসেন ওস্তাদ অশোক পাল। টানা দেড় ঘণ্টা তবলার তা ধিন তা ধিন তালের পরে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ ও পণ্ডিত স্বপন চৌধুরীর কাছ থেকে তালিম নেওয়া কিছু কম্পোজিশন করা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন।
অশোক পাল শাস্ত্রীয় সংগীতে পণ্ডিত জ্ঞান প্রকাশ ছাড়াও তালিম নিয়েছেন বাসুদেব দাসের কাছে। ভারতের চণ্ডীগড় ‘প্রাচীন কলা কেন্দ্র’ থেকে সংগীতের ওপর তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
অশোক পাল ও তামনিয়ার সঙ্গে যন্ত্র বাজান পৌষরাম সরকার, বাসুদেব চক্রবর্তী ও বিটু শীল।
বগুড়ায় প্রথমবারের মতো শাস্ত্রীয় সংগীতের এই আয়োজন সম্পর্কে ‘ম্যাক্স মিউজিক্যাল হাট’র আহ্বায়ক জি এম সাকলাইন বলেন, প্রাচীন পুন্ড্রনগরী মহাস্থানবিধৌত বগুড়া সার্কের সাংস্কৃতিক রাজধানীর স্বীকৃতি পেলেও শাস্ত্রীয় সংগীতের আয়োজন, এটাই প্রথম। শাস্ত্রীয় সংগীতে দর্শক-শ্রোতাদের উৎসাহিত করতেই এই আয়োজন।
বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান বলেন, শাস্ত্রীয় সংগীত অনেক বোদ্ধা শ্রোতাদের জন্য। জেলা শহরগুলোতে সাধারণত এ ধরনের সংগীত আসর চোখে পড়ে না। নতুন প্রজন্মের শ্রোতাদের শাস্ত্রীয় সংগীতে উৎসাহিত করতে এ ধরনের আয়োজনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার।
অনুষ্ঠান দেখতে আসা স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি সামির হোসেন বলেন, শরীরকে সুস্থ রাখতে যেমন ওষুধের প্রয়োজন হয়, তেমনি মনকে সুস্থ রাখতে সংগীতের প্রয়োজন। বগুড়ায় শাস্ত্রীয় সংগীতের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।
আসর সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের প্রধান সমন্বয়কারী অলক কুমার অলক।