বগুড়ায় শিশু-কিশোর নাট্যোৎসব
বগুড়ায় ৩ জুন শুরু হয় পাঁচ দিনের শিশু-কিশোর নাট্যোৎসব। আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন অ্যামবিশন। এটি ছিল তাদের ষষ্ঠ আসর। কিন্তু এবারই প্রথম তারা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পাঁচটি নাটক নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার এডওয়ার্ড পার্কের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুরু হয় এই নাট্যোৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ‘ফরিদুর রেজা সাগর শিশু-কিশোর নাট্যোৎসব ২০১১’ শিরোনামে বেলা তিনটায় উদ্বোধনী পর্ব শুরু হয়। দুটি বিভাগে শিশু-কিশোরদের আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতার পর সন্ধ্যায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। উৎসবের পাঁচ দিনে যথাক্রমে ফরিদুর রেজা সাগরের লেখা টিপু সুলতান, শেখ সাদী, গিয়াস উদ্দীন আযম শাহ্, হাজী মুহম্মদ মুহসীন, ইবনে সিনা নাটকগুলো প্রদর্শিত হয়। সেলিম রেজার তত্ত্বাবধানে নাটকগুলো মঞ্চস্থ করে বগুড়ার শিশু-কিশোর নাট্যসংগঠন ‘অ আ ক খ’। এর আগে শেখ সাদী ও টিপু সুলতান নাটক দুটির মঞ্চায়ন হলেও বাকি তিনটি নাটক এবারই প্রথম মঞ্চস্থ হচ্ছে।নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবেয়া খাতুন, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, চিকিৎসক এ বি এম ফজলুল করিম, ফজলুল আলম, কণা রেজা, আবদুর রহমান, ছড়াকার আমীরুল ইসলাম, অভিনেতা শহীদুল আলম সাচ্চু।উদ্বোধন শেষে মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এবং গৌরব বোধ করছি, ফরিদুর রেজা সাগরের মতো বড় মাপের একজন শিশুসাহিত্যিকের অনুষ্ঠান উদ্বোধন করার সুযোগ পেয়ে।’ প্রধান অতিথির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘নাটকগুলো আজ থেকে ৩০ বছর আগে লিখেছিলাম। কিন্তু সেগুলো কোনোভাবেই প্রচারের মুখ দেখেনি। ৩০ বছর পর এসে মনে হলো, ফেলনা জিনিস আসলে খেলনা নয়। খুবই ভালো লাগছে আমার নাটকগুলো নিয়ে এ ধরনের আয়োজন করতে দেখে।’উৎসবের প্রথম দিন আলোচনা অনুষ্ঠান শেষে পিএসসি ও জেএসসির মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে মাসুকুর রহীম প্রতীক বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়। ৭ জুন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, শিশুবন্ধু লিয়াকত আলী লাকী ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসিন।