বগুড়ায় সিনেমা হলে দর্শক আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়ার সোনিয়া সিনেমা হলের সামনে দর্শকের সারি l ছবি: সোয়েল রানা
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়ার সোনিয়া সিনেমা হলের সামনে দর্শকের সারি l ছবি: সোয়েল রানা

১৫ বছর পর সিনেমা হলে পা রেখেছেন রাসেল। সোনিয়া সিনেমা হলের ডিসির টিকিট কেটে লম্বা সারিতে দাঁড়িয়েছেন তিনি। তাঁর মতো অনেকেই দাঁড়িয়েছেন সেখানে। ঢাকা থেকে ঈদ করতে আসা আবদুর রউফ এসেছেন ভাবি ও ভাতিজিদের নিয়ে। ‘সিনেমা হলে লোক আসে না’ এমন মন্তব্য যাঁদের, তাঁদের জন্য ‘বুমেরাং’ হতে পারে সিনেমা হলের দর্শকের এই দীর্ঘ সারি। দর্শক-খরার এ মৌসুমে বেশ কিছু নারী দর্শকের ভিড় হতে পারে ‘শক্ত জবাব’। ঈদ উপলক্ষে সোনিয়া সিনেমা হলে চলছে নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত ছবি আশিকী। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এই হলে দেখা মেলে রাসেল ও আবদুর রউফের মতো অসংখ্যা দর্শকের। এত কিছুর পরও হলের মালিক রফিকুল ইসলাম খানিকটা হতাশ। বললেন, ঈদের দিন থেকে যে পরিমাণ দর্শক হয়েছে, সেই তুলনায় এখন কিছুটা কম।
সোনিয়ার পরে আমাদের গন্তব্য মধুবন সিনেমা হল। বগুড়া শহরে আপাতত এ দুটি সিনেমা হলই সচল। শহরের পাশের এ সিনেমা হলের বয়স ৪১ বছর। এখানে চলছে রাজাবাবু। দর্শক ‘একসময়ের’ তুলনায় অনেক বেশি। এমনটাই জানালেন, হলের দায়িত্বে থাকা যতিশচন্দ্র রায়। তাঁর ঘরের দেয়ালে টাঙানো হেমা মালিনীর তরুণ বয়সের ছবি, যা প্রমাণ করে কতটা সিনেমার পোকা এ মানুষটি।
তবে বেশ চমকপ্রদ তথ্য দিলেন হলের স্বত্বাধিকারীর ছেলে এস এম ইউনুস। সারা দেশে যেখানে সিনেমা হল ভেঙে শপিং সেন্টার বা বহুতল ভবনের পরিকল্পনা হাতে নিয়েছেন মালিকেরা, সেখানে ইউনুস নিয়েছেন সিনেমা হল সংস্কারের উদ্যোগ। ঘুরে ঘুরে দেখালেন তঁার কিছু নমুনাও। ইচ্ছা আছে বছর খানেকের মধ্যে প্রেক্ষাগৃহটিকে অত্যাধুনিক সিনেপ্লেক্সে রূপ দেওয়ার। কথা শেষে জানিয়ে রাখলেন, ‘মানুষ সিনেমা হলে আসে না, এটা ভুল ধারণা। এবার রাজাবাবুসহ বেশ কয়েকটি সিনেমা দিয়ে আমাদের আশানুরূপ ব্যবসা হয়েছে। এ কারণেই তো আমরা উদ্যোগী হয়েছি হলটা সংস্কারের!’