বগুড়ায় স্বাধীনতা উৎসব উদ্বোধন
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘স্বাধীনতা উৎসব’। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় উৎসব উদ্বোধন করেন বিচারপতি গোলাম রাব্বানী। ৩১ মার্চ পর্যন্ত এ উৎসব চলবে। বগুড়ার সাংস্কৃতিক সংগঠন বাঙালি সংস্কৃতি সংসদ এর আয়োজন করেছে। বগুড়ার শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি বিচারপতি গোলাম রাব্বানী শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতা দিবসের প্রধান কাজ হওয়া উচিত বাঙালির যে ঐতিহ্য তা তুলে ধরা। স্বাধীনতার চেতনাকে আরও শাণিত করতে দলমতনির্বিশেষে এগিয়ে আসতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক বাঙালি সংস্কৃতি সংসদের আহ্বায়ক রাগেবুল আহসান, প্রবীণ নাট্যব্যক্তিত্ব খন্দকার গোলাম কাদের, চিকিৎসক মকবুল হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোস্তফা আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ। পরে বিচারপতি গোলাম রাব্বানী, খন্দকার গোলাম কাদের ও প্রবীণ রাজনীতিবিদ মকবুল হোসেনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।