বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ক্ষুদে গানরাজ’
ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১০ জুন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে স্টেডিয়ামের মাঠে তৈরি মঞ্চ থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই। এরই মধ্যে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার সেরা পাঁচ চূড়ান্ত হয়েছে। প্রতিযোগীরা হলো অনন্যা রাজ, বাসনা, রানা, প্রান্তি ও সেনিজ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে আছেন হুমায়ূন আহমেদ ও শাওন।জানা গেছে, অনুষ্ঠানের সবকিছু চূড়ান্ত করা হয়েছে। ৯২ মিনিটের এই অনুষ্ঠানে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রতিযোগীদের একক ও দলীয় গান ছাড়াও থাকবে নাচ। খুদে প্রতিযোগীদের সঙ্গে গান করবেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, আবিদা সুলতানা, বাপ্পা মজুমদার, বালাম ও ন্যান্সি। অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন জানান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে মঞ্চের সামনে আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা করা হবে। গ্যালারি থাকবে সবার জন্য উন্মুক্ত। চ্যানেল আই আয়োজিত ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রথম ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠানটি হয়েছিল ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।