
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমীতে শুরু হয়েছে বইমেলা। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস পর্যন্ত।
গতকাল বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংসদ কাজী রোজী এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিচালক আনজীর লিটন। শুভেচ্ছা বক্তব্য দেন ছড়াকার আখতার হুসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক (মেলা) মিজানুর রহমান।
সপ্তমবারের মতো আয়োজিত এ মেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করছে।
মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেলে থাকবে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওয়াহিদুল হকের জন্মবার্ষিকীতে
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’ শীর্ষক চার দিনের অনুষ্ঠানমালা। নালন্দা বিদ্যায়তনের শিশুদের আয়োজনে শুরু হয়েছে প্রদর্শনী। রয়েছে সংগীত আয়োজনসহ নানা অনুষ্ঠান। এবারের উৎসব ভাবনা ‘শিক্ষা ও মানবিকতা’।
গতকাল বিকেলে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ছায়ানটের শিক্ষার্থীদের নিয়ে এ উৎসবের উদ্বোধন করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ছায়ানটের প্রধান নির্বাহী সিদ্দিক বেলাল, নালন্দার অধ্যক্ষ মোমেনা বেগম প্রমুখ। উদ্বোধনী পর্বে ছিল শিশুদের সংগীত পরিবেশনা। তারা ওয়াহিদুল হকের প্রিয় বেশ কটি গান গেয়ে শোনায়। এগুলো হলো ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’, ‘আলোকের এই ঝর্নাধারায়’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’।
এদিন ছায়ানট সংস্কৃতি-ভবনের দেয়ালে শুরু হয় প্রদর্শনী। উৎসবের অংশ হিসেবে আজ শুক্রবার রয়েছে সংগীত অনুষ্ঠান। কাল শনিবার সন্ধ্যায় রয়েছে কণ্ঠশীলনের আবৃত্তি আয়োজন।
গীত হলো ‘অপার বাংলার গান’
ঢাকায় গান শোনাতে এসেছিলেন আসামের শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে ছিল গণসংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের একক সংগীতসন্ধ্যা ‘অপার বাংলার গান’। আয়োজন করেছিলেন শিল্পীর এ দেশের বন্ধু ও স্বজনেরা।
শিল্পী গেয়ে শোনান ‘কুসুমে কুসুমে চরণ চিহ্ন’, ‘মা আমি তোর কী করেছি’, ‘আবার ফেব্রুয়ারি, আবার গর্জমান’, ‘এপার বাংলা ওপার বাংলা মধ্যে জলধি’, ‘অবনী বাড়ি আছো’, ‘আবার আসিব ফিরে’সহ আরও কয়েকটি গান।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুভপ্রসাদ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন অগ্রসৈনিক। গানের ফাঁকে তিনি স্মরণ করেছেন সদ্য প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।
শুরু হচ্ছে ছোটকাগজ মেলা
যশোরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনের ‘জাতীয় লিটল ম্যাগাজিন মেলা ২০১৭’। সারা দেশ থেকে এ মেলায় অংশ নেবেন প্রায় ৭৫টি লিটল ম্যাগাজিনের সম্পাদক, প্রকাশক, লেখক ও কর্মীরা। থাকবেন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বেশ কিছু ছোটকাগজের সম্পাদক। আজ যশোরের প্রাচ্যসংঘে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
মেলা উপলক্ষে থাকবে সেমিনার, মুক্ত আলোচনা, র্যা লি, ভ্রমণ, কবিতার আসর ও বাউলগান। এ বছর সম্মাননা জানানো হবে লিটলম্যাগ শব্দ-এর সম্পাদক সরোজ দেবকে।
গতকাল বিকেলে পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেলা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক অনিকেত শামীম। উপস্থিত ছিলেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম, সমন্বয়ক শাহিন লতিফ, গণমাধ্যম সমন্বয়ক রওশন ঝুনু প্রমুখ।