
এসরাজ আর বাঁশির সুরের সঙ্গে হলো কবিতা পাঠ। সব কটি কবিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে। ‘শ্রাবণের শোকগাথা’ নামে অনুষ্ঠানটি আয়োজন করে শিল্পকলা একাডেমি। সহযোগিতায় ছিল আবৃত্তি সমন্বয় পরিষদ।
একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে কবিতা পাঠ করেন বাচিক শিল্পীরা। আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম। চারজন করে আবৃত্তিশিল্পী একসঙ্গে মঞ্চে কবিতা আবৃত্তি করেন।
বেগম মুজিবকে লেখা বঙ্গবন্ধুর একটি চিঠি আবৃত্তি করেন মিজানুর রহমান। সৈয়দ হাসান ইমাম আবৃত্তি করেন ‘এই বাড়ি’ কবিতাটি। আরও আবৃত্তি করেন আশরাফুল আলম, রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ, গোলাম সারওয়ার, শাহাদত হোসেন, এনামুল হক, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী, ইকবাল খোরশেদ, মীর মাসরুর জামান, মাহিদুল ইসলাম প্রমুখ। পরিকল্পনা করেছেন মাসকূর এ সাত্তার।