বঙ্গবন্ধুকে নিবেদিত 'আমার পরিচয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতার একক পরিবেশনা দিয়ে গতকাল শনিবার আবৃত্তি সংস্থা সংবৃতার ১৩তম প্রযোজনা ‘আমার পরিচয়’ শুরু হয়।
শোকের মাসে বঙ্গবন্ধুকে স্মরণ করে শনিবার সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রযোজনাটি। গতকাল ছিল প্রযোজনাটির দ্বিতীয় পরিবেশনা।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন কবির ২৬টি কবিতা নিয়ে সাজানো প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন লাবণ্য শিল্পী। অনুষ্ঠানে পরিবেশিত হয় শামসুর রাহমান, মাহবুব-উল-আলম চৌধুরী, আবদুল গাফ্ফার চৌধুরী, আসাদ চৌধুরী, নূহ-উল-আলম লেনিন, মুহাম্মদ সামাদ, রবীন্দ্র গোপ, তারিক সুজাত, দাউদ হায়দার প্রমুখের কবিতা। ছিল ‘ফুল আর রাষ্ট্র’, ‘তিনি এসেছেন ফিরে’, ‘অর্ধনমিত পতাকা’, ‘তোমার নাম ছিল’, ‘ঝাড় লণ্ঠনের স্বগতোক্তি’ ইত্যাদি কবিতা। কবিতাগুলো পাঠ করেন জহিরুল ইসলাম, সাদিয়া সাইদ, হ্যাপি আক্তার, তানজিন পিয়াল, সৈকত দেব প্রমুখ।
সম্মেলক কণ্ঠে সৈয়দ শামসুল হকের ‘মুজিব! মুজিব!’ কবিতাটি দিয়ে শেষ হয় প্রায় দেড় ঘণ্ট্যাব্যাপী এ আয়োজন।