বঙ্গবন্ধুকে নিবেদিত ‘জাগো অন্তরে মম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির চিরচেনা দৃশ্য। লাখো মানুষ তাকিয়ে আছেন একজন মানুষের দিকে। পরনে সাদা পাঞ্জাবি, কালো কোট। তর্জনী উঁচিয়ে তিনি ভাষণ দিচ্ছেন। বর্জনির্ঘোষ কণ্ঠে একাত্তরের সাতই মার্চ তাঁর সেই ভাষণ নতুন করে জাগিয়েছিল বাঙালিকে। তিনি বাঙালির অবিসংবাদিত নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে তাঁর নির্মম জীবনাবসান পৃথিবীর সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বেদনাহত করেছে। দেশবরেণ্য শিল্পীরা তাঁদের ক্যানভাসে কালজয়ী এ নেতাকে মূর্ত করেছেন। সেসব চিত্রকর্ম নিয়েই জাতীয় শোক দিবসে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর। গতকাল সোমবার বিকেলে ঢাকা আর্ট সেন্টার আয়োজিত ‘জাগো অন্তরে মম’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তাঁর আদর্শ রেখে গেছেন। আমরা তা ধারণ করে এগিয়ে যাব এবং তাঁর আদর্শকে লালন করব।’ বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহবুদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ২০১০ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ঢাকা আর্ট সেন্টার দেশের শিল্পীসমাজকে আমন্ত্রণ জানিয়েছিল বঙ্গবন্ধুর স্মরণে ছবি আঁকতে। আয়োজন করা হয়েছিল দুই দিনের কর্মশালা। সেই কর্মশালায় যোগ দিয়েছিলেন অর্ধশতাধিক শিল্পী। কর্মশালায় আঁকা চিত্রকর্ম থেকে বাছাই করা চিত্রগুলো নিয়ে আয়োজন করা হয়েছে ‘জাগো অন্তরে মম’ শীর্ষক এ প্রদর্শনীর। মোট ৬৭ জন শিল্পীর আঁকা ৬৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান দেশপ্রেমিক, অনন্যসাধারণ এই নেতার যে স্মৃতি শিল্পীদের মনে চিরজাগ্রত, তারই খানিকটা প্রকাশ ঘটেছে এই চিত্রমালায়। কোনো চিত্রে এসেছে তাঁর হাস্যোজ্জ্বল মুখচ্ছবি, তো কোথাও এসেছে গভীর ভাবনায় নিমগ্ন তাঁর মুখাবয়ব। কোনো ক্যানভাসে দেখা গেল, প্রিয় মানুষটি বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। আর রয়েছে সাতই মার্চের সেই ইতিহাসখ্যাত ভাষণ দেওয়ার মুহূর্ত। ছবিগুলো এঁকেছেন শিল্পী শাহাবুদ্দীন আহমেদ, বীরেন সোম, আবদুল মান্নান, শেখ আফজাল হোসেন, ওয়াকিলুর রহমান, সামসুদ্দোহা, খালিদ মাহমুদ, মোহাম্মদ ইকবাল, নাইমা হক, সাইদুল হক, তৌকির রাশাদ নেওয়াজ, আনিসুর রহমান, ফারেহা জেবা, শামসুল আলম, মাসুদা খাতুন, নজিব মোহাম্মদ, চন্দ্র শেখর দাশ, মানিক বিশ্বাস, বিদ্যু ৎ জ্যোতি সেনশর্মা, সুমন ওয়াহিদ প্রমুখ। বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে নিবেদিত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা।কমলগঞ্জে ঝুলনযাত্রাকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে প্রতিবছরের মতো এবারও বাগান পঞ্চায়েত আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রা।মঞ্চের পাশেই আলাদা করে একটি বড় ঘরে ঘাস, ঝোপঝাড়, লতাপাতা, বাঁশ এনে একেবারে পাহাড়ি পরিবেশ গড়ে তোলা হয়েছে। পাহাড়ি উপত্যকার নিচ দিয়ে নদী বানিয়ে সে নদীতে পানিপ্রবাহেরও ব্যবস্থা রাখা হয়। পাহাড়ের মাঝে গাছের ডালে সুসজ্জিত একটি দোলনা তৈরি করে তাতে রাধা-কৃষ্ণের ঝুলনের (দোলনা চড়ার) ব্যবস্থা করা হয়। আলীনগর চা-বাগান শ্রমিকদের আয়োজনে এটি ছিল ৬০তম ঝুলনযাত্রা।আলীনগর চা-বাগানের ঝুলনযাত্রা অনুষ্ঠানটি চা-শ্রমিকদের একটি প্রধান অনুষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন চা-বাগানের হাজার হাজার চা-শ্রমিক ও বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত এসে ঝুলনযাত্রায় অংশ নিয়েছেন। বাংলা একাডেমীতে আজ একক বক্তৃতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমী আজ মঙ্গলবার সকালে একাডেমীর সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।