বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি মানুষের নাম হয় শেখ মুজিবুর রহমান, তবে দেশের নাম হয় বাংলাদেশ’—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশে কবিতা পাঠ করতে এসে বললেন কবি হাবিবুল্লাহ্ সিরাজী। কবি মুহাম্মদ সামাদ তাঁর কবিতার ছন্দে বললেন, ‘মুজিব আমার স্বপ্ন সাহস/মুজিব আমার পিতা/মুজিব আমার শৌর্যে-বীর্যে নন্দিত সংহিতা।’বাঙালির মুক্তিসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার থেকে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে ‘আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর আগে ছিল বঙ্গবন্ধু স্মরণে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রশিল্পী রশিদ তালুকদারের ২৭টি ও পশ্চিমবঙ্গের প্রয়াত আলোকচিত্র শিল্পী অমিয় তরফদারের বাছাই করা ২২টি (মোট ৪৯টি) আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।জাদুঘর মিলনায়তনের দেয়ালে ঝোলানো ছবিগুলো কেবল একেকটা ছবিই নয়, এতে গাঁথা আছে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, আগরতলা ষড়যন্ত্র মামলার পর তৎকালীন সামরিক কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগের অন্য নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর ১৯৭০-এর নির্বাচনের ফলাফল শোনার ছবি, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তৎকালীন রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার দৃশ্য—সবগুলোই দর্শকদের নিয়ে যাবে প্রায় ৪০ বছর আগের স্মৃতিতে। এসব ছবিতে তৎকালীন সামাজিক, রাজনৈতিক বহু ইতিহাস গাঁথা হয়ে আছে।অমিয় তরফদার মুক্তিযুদ্ধের সময় ও স্বাধীন বাংলাদেশে তুলেছেন অনেক ছবি। অমিয় তরফদারের তোলা অনেকগুলো ছবি তাঁর স্ত্রী মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিয়েছেন। প্রদর্শনীতে এসব ছবিই স্থান পেয়েছে।আবৃত্তি: প্রদর্শনী উদ্বোধনের আগে জাদুঘরের চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ সামাদ, হাবিবুল্লাহ্ সিরাজী ও রুবী রহমান।এরপর আবৃত্তি দল ঢাকা স্বরকল্পন পরিবেশন করে সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’। সবশেষে মুক্তধারা আবৃত্তিচর্চার পরিবেশনা বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে কবি শামসুর রাহমানের লেখা কবিতা ‘মহা মৃত্যুঞ্জয়’।সূচনা বক্তৃতায় জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে নানাভাবে ফিরে পেতে হবে। তাহলেই আমরা আমাদের মুক্তির চেতনাকে শাণিত করতে পারব।’সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ ‘আপনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা আমার ব্যক্তিত্বের ওপর আক্রমণ। আমি আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। জানেন, আমি কে? আমি হলাম উনিশ শতকের মোগল।’ এই সংলাপ দিয়ে মঞ্চে এলেন নাটকের মূল চরিত্র ‘কনস্তান্তিনোপল’। মঞ্চে একটি মরা গাছ। আর দুটি আবর্জনার বাক্স। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ কনস্তান্তিনোপল স্মিথ নাটকের দৃশ্য এটি।‘সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে স্নাতক সমাপনী শিক্ষার্থীদের নির্দেশিত নাটক নিয়ে শুরু হয়েছে আট দিনের নাট্যোৎসব। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। আলোচনা করেন অধ্যাপক হারুন-অর-রশীদ, মীজানুর রহমান, সদরুল আমিন ও ইসরাফিল শাহীন।উৎসবে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিখ্যাত নাট্যকারদের ১৫টি নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিনই দুটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। উদ্বোধনী দিনে ছিল চার্লস এল মি জুনিয়রের লেখা মিথুন চৌধুরীর নির্দেশনায় কনস্তান্তিনোপল স্মিথ নাটকটি। আর ছিল হ্যারল্ড পিন্টারের লেখা ফারজানা আক্তার চৌধুরীর নির্দেশনায় ল্যান্ডস্কেপ।আজ বৃহস্পতিবার দেখা যাবে গোলাম রব্বানীর নির্দেশনায় ডব্লিউ বি ইয়েটসের পারগেটরি, আফসানা সিদ্দীকির নির্দেশনায় স্যামুয়েল বেকেটের নাটক প্লে। ১৩ আগস্ট থাকছে মহসিনা আক্তার নির্দেশিত ক্র্যাপ’স লাস্ট টেপ ও শারমিন সুলতানা নির্দেশিত ভিক্টোরিয়া স্টেশন । শাম্মী আক্তারের নির্দেশনায় লেডি আওই, তৌকীর আহমেদের নির্দেশনায় দ্য বক্স ১৪ আগস্ট মঞ্চস্থ হবে। ১৫ আগস্ট মঞ্চস্থ হবে সান্দ্রা নন্দিনী বালা নির্দেশিত বিফোর ব্রেকফাস্ট ও জুলহাস মিয়া নির্দেশিত ওরা এভাবেই হুল ফোটায়। ১৬ আগস্ট মঞ্চস্থ হবে তাসলিমা জাহানের ডেথ লিস্ট অবলম্বনে ইশি চা আর ফারহানা খানমের নির্দেশনায় রকাবাই নাটকটি। উৎসবের সপ্তম দিন থাকছে প্রীতি এলিজাবেথ রোজারিওর নির্দেশনায় দ্য রেসপেক্টবল প্রসটিটিউট ও আফজাল কবীরের দ্য লিডার নাটকটি। উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে নাটক কর্নেলকে কেউ চিঠি লেখে না। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাসের নাট্যরূপ থেকে এটি নির্দেশনা দিয়েছেন অমিতাভ রায়।