বঙ্গবন্ধুকে নিয়ে নানামাত্রিক আয়োজন
মানুষের দেহান্তর মানেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। তার সৃষ্টি ও কর্ম মহাকালকে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে ওঠে। আক্ষরিক অর্থে মৃত্যুকে জয় করার উপায় না থাকলেও এভাবেই মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন কেউ কেউ। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই এক ব্যক্তিত্ব। তাঁর জীবনসংগ্রামের দুর্লভ আলোকচিত্রগুলো এখন ইতিহাসের বস্তুনিষ্ঠ দলিল।বঙ্গবন্ধুর ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজন করেছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। গতকাল মঙ্গলবার ছিল প্রদর্শনীর শেষ দিন। সমাপনী দিনে ছিল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জাতীয় গ্রন্থাগার ভবন মিলনায়তনে এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা জলরং ও প্যাস্টেলে বঙ্গবন্ধু ও বাংলাদেশবিষয়ক ছবি আঁকে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম, বিভিন্ন সময়ের কারাবরণের আলোকচিত্র, স্বাধীনতা সংগ্রামে ভূমিকা-সম্পর্কিত দলিলদস্তাবেজ, ওই সময়ের পত্রপত্রিকা, গ্রন্থ ও প্রামাণ্যচিত্র ছিল প্রদর্শনীতে। ‘দুই আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু’সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘দুই আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনী শেষ হলো গতকাল। আলোকচিত্রী রশীদ তালুকদার ও অমিয় তরফদারের তোলা সাদা-কালো ছবিতে ছিল বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি। সাতই মার্চের ভাষণ, স্বাধীনতার পর স্বদেশ প্রত্যাবর্তনকারী বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল মুখ প্রভৃতি। অমিয় তরফদারের তোলা একটি ছবিতে দেখা যায় শেখ কামাল, তাজউদ্দীন আহমদ আর বঙ্গবন্ধুর অন্তরঙ্গ মুহূর্ত। আবার আরেকটি ছবিতেই খোলা এক উদ্যানে স্বামী এম এ ওয়াজেদ মিয়া, ছোট ভাই শেখ রাসেলসহ দাঁড়িয়ে আছেন তরুণী বয়সের শেখ হাসিনা।অন্যদিকে, বাংলাদেশের প্রবীণ আলোকচিত্রী রশীদ তালুকদারের ক্যামেরাও বঙ্গবন্ধুর দিকে নিবদ্ধ। তাঁর ক্যামেরায় বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন সদস্যসহ বহু দুর্লভ মুহূর্ত উঠে এসেছে।নূরজাহান মুরশিদ স্মরণেআজ দেশের নারী আন্দোলনের বিশিষ্ট নেত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরজাহান মুরশিদের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।আজীবন গণতন্ত্রমনা ও অসাম্প্রদায়িক নূরজাহান মুরশিদ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানে আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে ছিলেন সক্রিয়। মুক্তিযুদ্ধকালে ভারতের লোক ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মুজিবনগর সরকারের বিশেষ দূত এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি এই ভাষণ দিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রতি ভারতের স্বীকৃতি এবং সর্বাত্মক সহযোগিতা ত্বরান্বিত হয়েছিল।সপ্তম মৃত্যুবার্ষিকীতে নূরজাহান মুরশিদের পরিবার এবং তাঁর আদর্শ ও অনুপ্রেরণায় গঠিত সংগঠন ‘ব্রতী’র পক্ষ থেকে বিকেল পৌনে পাঁচটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিকেল পাঁচটায় দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।নূরজাহান মুরশিদের বিশ্বাস ও কর্মের সঙ্গে যুক্ত কিছু কাজ করার উদ্দেশ্যে দেশের কিছু গুণী ব্যক্তিকে নিয়ে গত ২১ আগস্ট নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে।এই স্মৃতি পরিষদের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য লেখক সেলিনা হোসেন জানান, ‘যে নিষ্কলুষ স্বচ্ছ রাজনীতির চর্চা নূরজাহান মুরশিদরা করেছেন, আমরা সেই সৎ রাজনীতি ফিরে চাই। ফিরে চাই উচ্চ মানদণ্ডে উত্তীর্ণ সমাজচর্চা। তাই নূরজাহান মুরশিদ আমাদের জন্য তাৎপর্যপূর্ণ; আধুনিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা।’এই পরিষদের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, অধ্যাপক সন্জীদা খাতুন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক সেলিনা হোসেন, অধ্যাপক হায়াৎ মামুদ, সংস্কৃতিকর্মী ম হামিদ, খ আ সাঈদ মুরশিদ, মানবাধিকারকর্মী শাহীন আনাম, সমাজকর্মী শিরীন হক, সোনিয়া আমিন ও শারমীন মুরশিদ।