বঙ্গবন্ধুকে স্মরণ করছে চিত্রজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে বিএফডিসিতে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা
জাতীয় শোক দিবস উপলক্ষে বিএফডিসিতে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা

আজ ১৫ আগস্ট, জাতীয় শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে চিত্রজগতের মানুষজন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নানা আয়োজন করা হয়েছে। আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

আলোচনা সভার আয়োজন করা হয় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের প্রদর্শনী হয়। আলোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক জায়েদ খান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, বাংলাদেশ বেতারশিল্পী সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার, চলচ্চিত্র হল মালিক সমিতির নেতা মিঞা আলাউদ্দিন, চিত্রপরিচালক শাহ আলম কিরণ, চিত্রনায়িকা অঞ্জনা, দিলারা প্রমুখ।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ। তাঁর হাত ধরে স্বাধীনতার সূর্য এই দেশে উদিত হয়েছে। তিনি আমাদের কাছে চিরদিন শ্রদ্ধার আসনে থাকবেন। তাঁর আদর্শ, নীতি আর দেশপ্রেমকে ধারণ করে আমরা এগিয়ে যাব।’

আলোচনা সভায় বক্তব্য দেন চিত্রনায়ক ফারুক
আলোচনা সভায় বক্তব্য দেন চিত্রনায়ক ফারুক

মিশা সওদাগর বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। তাঁর হাতকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব।’ রিয়াজ বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে জাতির পিতার আদর্শ বহমান থাকুক। তাঁর চেতনা ও সংগ্রামকে ধারণ করতে পারলে জাতি হিসেবে আমরা সফল হব।’ জায়েদ খান বলেন, ‘কিছু জঘন্য, বিকৃত আর লোভী মানুষ ভেবেছিল বঙ্গবন্ধুকে খুন করলেই তাঁর আদর্শ মুছে যাবে। সেটা কোনো দিন হওয়ার নয়। এই জাতি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে আছে।’

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ কীভাবে ধারণ করব, বঙ্গবন্ধুর শত্রুদের কীভাবে ধ্বংস করব—এসব নিয়ে এখন আমাদের ভাবতে হবে।’

চিত্রনায়ক ফারুক বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি। তাঁকে কাছ থেকে দেখেছি। কিন্তু তাঁকে চিনতে পারিনি। বঙ্গবন্ধুকে চিনতে হলে তাঁকে বুকের ভেতর ধারণ করতে হয়। অনেক মানুষের ভেতর থেকে একটি মানুষ বেরিয়ে এসেছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে চিনতে পারলে সবখানেই তাঁর দেখা মেলে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বিএফডিসিতে কোরআন খতম, বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প ও কাঙালিভোজের আয়োজন করা হয়।