বঙ্গবন্ধুর জন্মদিনে নানা অনুষ্ঠান
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে সকালে। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি বিটিভিসহ কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে। বিটিভিতে সকালে দেখানো হবে ছোটদের অনুষ্ঠান আমাদের খোকা। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করবেন উপদেষ্টা এইচ টি ইমাম। থাকবে বিশেষ আলোচনা অনুষ্ঠান। চ্যানেল আইতে বিকেলে দেখানো হবে নাটক ঝরা পাতার গল্প। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাদিয়া তাবাসসুম। এরপর থাকছে আলোচনা অনুষ্ঠান মহামহিম বঙ্গবন্ধু। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরিচালনা করেছেন রাজু আলীম।এনটিভিতে সকালে দেখানো হবে তথ্যচিত্র শ্রদ্ধাঞ্জলি। বিকেলে ফয়েজ রেজার পরিচালনায় দেখানো হবে ছোটদের অনুষ্ঠান সহজ পাঠ। সন্ধ্যায় থাকছে তথ্যচিত্র দুরন্ত খোকা। নোয়াখালী স্টেডিয়ামে আজ বিকেলে আয়োজন করা হয়েছে কনসার্ট জনকের জন্মোৎসব। এখানে গান করবেন মমতাজ, এস আই টুটুল, মিলা ও সবুজ। কনসার্টটি সরাসরি দেখানো হবে দেশ টিভিতে। এই চ্যানেলে রাতে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাভিশনে সন্ধ্যায় দেখানো হবে আলোচনা ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ। উপস্থাপনা করেছেন রামেন্দু মজুমদার।