বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী নেতাদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: সৌজন্য
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: সৌজন্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির সদস্যরা। গতকাল শনিবার দুপুরের পর রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তাঁরা। এ সময় ফারুক, কবরী, রোজিনা, অঞ্জনা, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, রিয়াজসহ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরাও উপস্থিত ছিলেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরের মতে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহারই দেননি, চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে অনেক যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন। তাই নতুন কমিটির সদস্যরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করি। এ জন্য তাঁকে সম্মান জানাতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়েছি।’
সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্যরা নতুন যাত্রায় কাজ শুরুর পরিকল্পনা করেছি। আনুষ্ঠানিক কাজ শুরুর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের সবার অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এ সম্পর্কে জায়েদ খান বলেন, ‘দেশের সিনেমা নিয়ে আমরা আমাদের পরিকল্পনার কথা তাঁর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথা গভীর মনোযোগ দিয়ে শুনেছেন।’