বঙ্গবন্ধুর ১০ মাসের বন্দী জীবন নিয়ে 'সাদা পায়রা'

মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ মাস পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। কেমন ছিলেন ওই ১০ মাস? নানাজনে নানা রকমের কথা বলেন। অনেকে আবার বলেন, তিনি নাকি যুদ্ধের বেদনা ভোগ করেননি। জেলে কাটিয়েছেন আরামে। কিন্তু যে মানুষটি জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জন্য, তিনি তো দূরদেশের কারাগারে ভালো থাকতে পারেন না।
বলছিলেন নির্মাতা শিমুল সরকার। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন শিমুল সরকার। এরই মধ্যে সিনেমাটির গল্প চূড়ান্ত হয়েছে। এটি লিখেছেন সোলায়মান সুমন। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। আগামী স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে বলে জানালেন শিমুল সরকার।
বিশ্বের মহান নেতাদের জীবনী নিয়ে একাধিক চলচ্চিত্র নির্মিত হতে দেখা গেলেও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখনো নির্মিত হয়নি কোনো চলচ্চিত্র। শিমুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুর জীবনী কিংবা তাঁকে নিয়ে ছবি বানাব না। কেননা বঙ্গবন্ধুর যে বিশালতা, সেটি কখনোই একটি সিনেমাতে তুলে ধরা সম্ভব নয়। আমি শুধু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময়টাকে বেছে নিয়েছি। যেখানে বঙ্গবন্ধু এবং একটি কাল্পনিক পায়রা এগিয়ে নিয়ে যাবে গল্প। কারাগারে বসে পায়রার সঙ্গে নিজের বেদনার কথা জানাবেন, পায়রা জানাবে দেশের খবর। মূলত কল্পনা থেকেই গল্পটি তৈরি। সিনেমাটির নামকরণও করছি ‘সাদা পায়রা’। তিনি বলেন, ‘মাথা উঁচু করে বেঁচে থাকার একটি আবেগপূর্ণ গল্প দেখাব সিনেমাটিতে; যা দেখে দর্শক কাঁদবেই।’