বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠের এই ভাষণ বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল। ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি নিয়ে এবার একটি প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে। প্রামাণ্যচিত্রটির নাম ‘সেই কণ্ঠস্বর’। যৌথভাবে প্রামাণ্যচিত্রটি পরিচালনা করছেন প্রিয়াঙ্কা আচার্য ও ওয়ালিদ। এটির দৈর্ঘ্য হবে ৩৫ মিনিট।
এই প্রামাণ্যচিত্রটিতে ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের গুরুত্ব উঠে এসেছে। ওই দিন বঙ্গবন্ধুর সঙ্গে মঞ্চে যাঁরা উপস্থিত ছিলেন, সেই সময় যাঁরা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করতেন; তাঁদের মধ্যে রাজনীতিবিদ ড. কামাল হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম, গামা, চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমাম, মহিলা পরিষদের নেত্রী আয়েশা খানমসহ এ প্রজন্মের অনেকই এই ঐতিহাসিক ভাষণটি নিয়ে কথা বলেছেন।
‘সেই কণ্ঠস্বর’ প্রামাণ্যচিত্রটির সার্বিক তত্ত্বাবধান ও প্রযোজনা করেছেন চলচ্চিত্র পরিচালক পি এ কাজল।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় যখন স্কুলে পড়ি, তখন ভাষণটি শুনে উজ্জীবিত হয়েছিলাম। এখনকার প্রজন্মের কাছে ভাষণটির গুরুত্ব পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজটি করেছি।’
তিনি জানিয়েছেন, একটা ভাষণের মাধ্যমে একটি জাতিকে কীভাবে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা সম্ভব, তা বঙ্গবন্ধুই শিখিয়েছেন। বুঝতে হবে তাহলে সেই ভাষণের গুরুত্ব কত বড়।
পি এ কাজল জানিয়েছেন, ‘সেই কণ্ঠস্বর’ প্রামাণ্যচিত্রটির সম্পাদনার কাজ চলছে। ৭ মার্চ বাংলাদেশ টেলিভিশনসহ সারা দেশের সব শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি একসঙ্গে মুক্তি দেওয়া হবে।