বচ্চন, খান ও কাপুরদের পেছনে ফেললেন শাহরুখ

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, কারিনা কাপুর খান, আমির খান ও সালমান খানের মতো তারকাদের পেছনে ফেলে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। সম্প্রতি ভারতের ১৬টি শহরে জরিপ চালিয়ে চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের আকর্ষণীয় ২৫ জন ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি নামের একটি প্রতিষ্ঠান। তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। আর চতুর্থ অবস্থানে রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। তালিকায় সেরা দশে আরও ঠাঁই পেয়েছেন মিঠুন চক্রবর্তী, ক্যাটরিনা কাইফ, সালমান খান ও শচীন টেন্ডুলকার। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই। এ প্রসঙ্গে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এন চন্দ্রমুলি জানান, সাধারণত আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচনের ক্ষেত্রে শারীরিক সৌন্দর্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এই জরিপের মাধ্যমে প্রথাগত ধারণাটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। চারটি মানদণ্ডের ভিত্তিতে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচন করা হয়েছে। বিচার-বুদ্ধি, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা ও যোগাযোগ রক্ষার মানদণ্ডে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচন করেছেন জরিপে অংশগ্রহণকারীরা। তালিকায় ঠাঁই পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাধুরী দীক্ষিত, সৌরভ গাঙ্গুলী, সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর খান, অনিল আম্বানি, কারিশমা কাপুর, লতা মঙ্গেশকর, সানি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, হূতিক রোশন, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা ও অভিষেক বচ্চন।