বচ্চনের 'ছোটা চান' মনির

‘অমিতাভ বচ্চন আমাকে “ছোটা চান” বলে ডাকতেন।’ কথাটা শুনে নড়েচড়ে বসি। সামনে বসা বাংলাদেশের রূপসজ্জাকর মনির হোসেন। তাঁকে কেন বলিউডের তারকা অমিতাভ ছোটা চান বলে ডাকবেন? কী এমন সম্পর্ক তাঁদের? মনির তাঁর মুঠোফোন খুলে দেখান। অমিতাভ বচ্চনের সঙ্গে মনিরের ছবি। কী একটা শুটিংয়ে শট দেওয়ার আগ মুহূর্তে অমিতাভের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের মনির।
মনির বলেন, ‘অমিতাভ বচ্চনের তিন ছবিতে আমি মেকআপম্যান হিসেবে ছিলাম। তবে সরাসরি অমিতাভের মুখে আমি মেকআপ করতে পারিনি। কারণ তাঁর নিজস্ব মেকআপম্যান ছিল। আমি ছবির অন্য অভিনয়শিল্পীকে মেকআপ করিয়েছি। তবে তাঁর শুটিং দেখে ভালো লেগেছে। বাংলাদেশ থেকে গিয়েছি শুনে অমিতাভ বচ্চন আমাকে আদর করেছেন। অনেকবার ওনার সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছি।’
কিন্তু এই যোগাযোগটা? কীভাবে যুক্ত হলেন তিন ছবির দলের সঙ্গে। প্রশ্ন করা হয় মনিরকে। ‘বেশ কয়েক বছর আগে অনন্ত জলিলের একটা ছবির শুটিং করতে দেশের বাইরে যাই। সেখানে কলকাতার অলোক দত্ত নামের এক মেকআপম্যানের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব। তাঁর মাধ্যমেই তিন-এ সুযোগ পাই। আমি অবশ্য তাঁকে আগ্রহ জানিয়েছিলাম সেখানে কাজ করার। তিন-এর শুটিংও হয়েছিল কলকাতায়।’ ধীরে ধীরে খোলাসা করেন মনির। তবে অমিতাভ বচ্চনের আগে অক্ষয়ের ও মাই গড সিনেমার দলে ছিলেন তিনি। ছিলেন ইরফান খানের পিকু সিনেমার দলেও। পিকুতে ইরফানকে মেকআপ করিয়েছেন নিজ হাতে। আর কিছুদিন আগে শিল্পা শেঠি যখন বাংলাদেশে এলেন, তখনো ডাক পড়েছিল ওই মনিরেরই। আর কলকাতা হিসাবে আনলে মনিরের তালিকাটা লম্বা হবে। ইন্দ্রনীল, দেব, কোয়েল মল্লিক, অঙ্কুশ ও শুভশ্রী আছেন এই তালিকায়।
বাংলাদেশের কার কার মেকআপ করিয়েছেন? প্রশ্নটা করতে গিয়ে থেমে যাই। একটু ঘুরিয়ে করি, বাংলাদেশের আপনার হাতে মেকআপ করা বাদ আছে কে? কিছুক্ষণ ভাবেন মনির। তারপর বলেন, ‘মনে করতে পারি না। মনে হয়, কেউ বাদ নেই।’
তাহলে কার মুখে আপনার হাতের স্পর্শ রাখার স্বপ্ন দেখেন? প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দেন মনির। ‘আলিয়া ভাট। তবে কাজ করার ইচ্ছে আছে হলিউডেও। সেভাবেই এগোচ্ছি।’
কথা বলতে বলতে আবার ছবি দেখান মনির। এবার নিজের ছবি। পুরোদস্তুর মডেল! যে ছবি দেখে খোদ শাকিব খানও নাকি বলেছিলেন, ‘মনির, তোমার তো মডেল হওয়ার কথা! মেকআপ করা ছেড়ে দাও।’
মডেল হতে না পারলেও আক্ষেপ নেই তাঁর। দেশি-বিদেশি তারকাদের রাঙাতে পারেন এতেই বড় শান্তি। ১০ বছর আগে এ পেশায় নাম লেখানো নরসিংদীর মনির যে অমিতাভ বচ্চনের শুটিং দলে ছিলেন এটা তো নিজেই মাঝেমধ্যে বিশ্বাস করতে পারেন না। মুঠোফোনের গ্যালারিতে গিয়ে ছবি দেখতে হয় কি না কে জানে।


