বছর শেষে আলোচনায় 'ভুবনমাঝি' ছবির দুই গান

মুক্তিযুদ্ধের সময় ও ২০১৩ সালের প্রেক্ষাপটে নির্মিত ‘ভুবনমাঝি’ সিনেমাটি এখনো মুক্তি না পেলেও গত বছর এই ছবির দুটি গান প্রকাশিত হয়। বছর শেষে গান দুটি শ্রোতাদের পছন্দের তালিকায়ও ঠাঁই করে নিয়েছে। সম্প্রতি রেডিও এবিসি ৮৯.২ গত বছরের সেরা ৫০টি শ্রোতাপ্রিয় গানের তালিকা প্রকাশ করে। তাতে আট নম্বরে ‘আমি তোমারই’ ও ৪৪ নম্বরে ‘আমি বোতলে পুরেছি কান্না’ গান দুটি জায়গা করে নেয়। ছবি মুক্তির আগে ব্যাপারটি দারুণ আনন্দের সংবাদ বলে মনে করছেন পরিচালক ফাখরুল আরেফিন।

‘আমি তোমারই’ গানটি গেয়েছেন সপ্তর্ষি ভৌমিক। গানটির সুরকার ও গীতিকার হিসেবে আছেন কলকাতার দোহার ব্যান্ডের সদস্য কালিকা প্রসাদ। আর সপ্তর্ষি ভৌমিকের লেখা ও মঞ্জুর বিপুলের সুর করা ‘আমি বোতলে পুরেছি কান্না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা শাহরিয়ার।

মুক্তির অপেক্ষায় থাকা ‘ভুবনমাঝি’ ছবিতে মোট গান থাকছে চারটি। ফাখরুল আরেফিন পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। পরমব্রতর গাওয়া গানটির প্রথম লাইন হলো ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলী নদীর তীরে’। গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ।
‘ভুবনমাঝি’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ভারতের পরমব্রত ও বাংলাদেশের অপর্ণা। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান, সুষমা সরকার, কণ্ঠশিল্পী ওয়াকিল আহমেদ প্রমুখ।