বছর শেষেও মিম ও বাপ্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশজুড়ে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমি তোমার হতে চাই ছবিটি। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে দুই জোড়া নায়ক-নায়িকার মধ্যে প্রধান নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম।
এর আগে এ বছরের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই জুটির সুইটহার্ট ছবিটি মুক্তি পেয়েছিল। ব্যবসাসফল হয়নি ছবিটি। বছরের শেষে দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে এই জুটির। গত রোববার রাতে এফডিসিতে একসঙ্গে পাওয়া গেল এই দুজনকে।
তিন নম্বর ফ্লোরে বসে ছবিটি নিয়ে খোলামেলা কথা বলেন তাঁরা। প্রথমে একসঙ্গে দুজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবারের ছবিটি নিয়ে কতটুকু আশাবাদী? মিম বললেন, ‘এই ছবিটির জন্য যে পরিমাণ শ্রম দিয়েছি, তাতে অনেকখানিই আশাবাদী আমি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে।’
সব সময়ই ছবি মুক্তির আগে আগে নায়ক-নায়িকা কিংবা পরিচালক ছবির ব্যবসাসফল নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে থাকেন। কিন্তু মুক্তির পর দৃশ্যপট পাল্টে যায়। এ ব্যাপারে বাপ্পী বলেন, ‘কোনো কোনো ছবির ক্ষেত্রে এমনটি হয়। তবে ছবির গল্প, বাজেট ও নির্মাণ ভালো হলে সবকিছুই উতরে যাওয়া সম্ভব।’
আমি তোমার হতে চাই ছবিতে এই তিনের সমাহার আছে কি না জবাবে মিম বলেন, ‘এই ছবিটি লাইভ টেকনোলজিসের প্রথম প্রযোজনা। প্রথম কাজ হিসেবে কোথাও আপস করেননি তাঁরা।’
এ প্রশ্নের জবাব বাপ্পীও দিলেন। বলেন, ‘গল্পের মধ্যে নতুনত্ব আছে। যে পরিমাণ যত্নসহকারে কাজটি হয়েছে, তাতে দর্শকেরা ছবিটি দেখতে হলমুখী হবেন বলে আমার বিশ্বাস। তা ছাড়া এখনকার দর্শকেরা অনেক সচেতন। তাঁদের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।’

বাপ্পী চৌধুরী
বাপ্পী চৌধুরী


কথা বলে জানা গেল সব মিলে এই ছবির শুটিংয়ে প্রায় ৩০ দিন সময় দিয়েছেন এই জুটি। শুটিংয়ে অভিজ্ঞতার কোনো স্মৃতি মনে আছে কি? প্রশ্ন শুনেই যেন কিছুটা আঁতকে উঠলেন মিম। নেপালে এই ছবির শুটিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই জানালেন এই নায়িকা। বলেন, ‘সেদিন লোকেশন ছিল নেপালের পোখারা। কাঠমান্ডু থেকে পাঁচ-ছয় ঘণ্টার পথ। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে। হঠাৎ হুড়মুড় করে গাড়ির সামনে প্রায় ২০ হাতের মতো দূরে পাহাড় ভেঙে পড়তে শুরু করে। রাস্তা আটকে যায়। আরেকটু পরে ঘটলে নিশ্চিত আমাদের গাড়ি চাপা পড়ত। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলেন। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ি আমরা। ভাগ্যের জোরে ওই দিন বেঁচে গেছি।’
তবে বাপ্পীর অভিজ্ঞতার স্মৃতি কিছুটা রাগের, অভিমানের! বলেন, ‘প্রায় ৮০ বছরের পুরোনো একটি পোশাক তৈরির বন্ধ কারখানায় মারামারির দৃশ্য চলছিল। বড় রকমের মারপিটের দৃশ্য। সবাইকে পরাস্ত করে খলনায়কের কাছে পৌঁছাতে হবে। দৃশ্যটিও বড়। কারখানার বাইরে লংশটে ক্যামেরা। ওই সময় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে যে ক্যামেরা বন্ধ, তা আমাদের বলা হয়নি। শেষ পর্যন্ত দৃশ্যটি শেষ করার পর জানতে পারি বৃষ্টির কারণে ক্যামেরা বন্ধ ছিল। আবারও দৃশ্যটি করতে হবে। শুনে খুব রাগ হলো আমার। ওই দিন আর দৃশ্যটি করিনি আমি।’
আমি তোমার হতে চাই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জন, দিপালী, ভারতের রাখি সায়ন্তী প্রমুখ।