বছরজুড়ে চলবে আবদুল করিমের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শাহ আবদুল করিমের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গান করছেন চন্দনা মজুমদার l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শাহ আবদুল করিমের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গান করছেন চন্দনা মজুমদার l ছবি: প্রথম আলো

গান করার অপরাধে গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন শাহ আবদুল করিম। আজ বাঙালির কণ্ঠে বাসা বেঁধেছে করিমের গান। ফাল্গুনের প্রথম মঙ্গলবার তাঁর জন্মদিন। মায়ের কাছ থেকে এই তারিখটি শুনেছিলেন তিনি। মায়ের জানানো তারিখেই তাঁর জন্মবার্ষিকীর আয়োজন করল শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদ। নানা আয়োজনের সঙ্গে বছরজুড়ে গীত হবে তাঁর গান। আজ থেকে সিলেটে শুরু হবে তিন দিনের উৎসব।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বসেছিল শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীর আসর। এ বছর তাঁর জন্মের শত বছর পূর্ণ হলো।
তাঁর গানকে বাউলগান বলা হলেও বিচ্ছেদী, বারোমাসি, ভাটিয়ালি, জারি-সারি বহু ধরনের গান করেছেন করিম। অনুষ্ঠানে ‘আসি বলে গেল বন্ধু আইলো না’ ও ‘সখী কুঞ্জ সাজাও গো’ গান দুটির সঙ্গে নাচ করে শিশুশিল্পীরা। সমবেত কণ্ঠে করিমের দুটি গান শোনান বহ্নিশিখার শিল্পীরা।
দ্বৈত কণ্ঠে গান শোনান কানন বালা সরকার ও শান্তা সরকার এবং চন্দনা মজুমদার ও শতাব্দী রায়। একক গান শোনান শাহনাজ বেলী।
সবশেষে ‘আমি কুল হারা কলঙ্কিনী’, ‘আমি বাংলা মায়ের ছেলে’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘গাড়ি চলে না রে’ গানগুলো গেয়ে শোনায় ভারতের পশ্চিমবঙ্গের গানের দল দোহার। বছরব্যাপী এ অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন ও লোগো উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও দোহারের কর্ণধার কালিকা প্রসাদ এবং গবেষক মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন পর্ষদের সদস্যসচিব হাসান আরিফ।
আলোচনায় আসাদুজ্জামান নূর বলেন, ‘শাহ আবদুল করিমের সান্নিধ্য পেতে হলে তাঁর সৃষ্টিতে অবগাহন করতে হবে। আমাদের দেশে তাঁর মতো বহু প্রতিভা ছড়িয়ে আছে, ছিল। তথাকথিত ডিগ্রি না থাকলেও তাঁর রচনা অসাধারণ। এসব গান ও দর্শন বুঝতে হলে গভীর অনুধাবনশক্তি থাকা দরকার।’
কালিকা প্রসাদ বলেন, ‘তাঁর মতো এত বড় সাধকের সান্নিধ্য কখনো পাইনি। তিনি যে সুর সৃষ্টি করেছিলেন, তা চিরকালীন। সময়কে ধারণ করে গানের মাধ্যমে বলে গেছেন অকপট সত্য কথা। তাঁর সঙ্গে আমার দুবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল। মনে হয়েছিল, পৃথিবীতে এমন আরও মানুষ থাকলে পৃথিবীটা বদলে যেত।’