২০১৬: আলোচিত ৫ নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বছরজুড়ে নিজেদের নির্মাণ নিয়ে ব্যস্ত থাকেন নির্মাতারা। এর মধ্যে কিছু কাজ আসে আলোচনায়। কিছু নিয়ে হয় সমালোচনা। চলচ্চিত্র, টেলিভিশন ও মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে আলোচনায় আসা এমন পাঁচজন নির্মাতার কথা জানা যাক আজ।
তৌকীর আহমেদ
তৌকীর আহমেদ

১. তৌকীর আহমেদ

অজ্ঞাতনামা চলচ্চিত্রটি নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তৌকীর আহমেদ। ছবি দেখে সামাজিক মাধ্যমে কিছু লেখেননি এমন দর্শক কমই রয়েছে। তবে মুক্তির আগে ও ছবিটি চলাকালীন প্রচারণার অভাব ছিল। কাহিনি ও অভিনয় অনবদ্য হলেও ছবিটি অল্প সময় হলে ছিল। তৌকীর তাঁর হালদা ছবির কাজও এ বছর শুরু করেছেন। তা নিয়েও এখনো চলছে আলোচনা।

অমিতাভ রেজা
অমিতাভ রেজা

২. অমিতাভ রেজা
বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা হিসেবে জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার প্রথম ছবি আয়নাবাজি মুক্তি পায় এ বছর। মুক্তির পর থেকেই তরুণ দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন প্রেক্ষাগৃহে। আলোচনায় আসে অমিতাভের নির্মাণশৈলী। বছরের সেরা ছবি হিসেবে অনেকেই স্বীকৃতি দেন অমিতাভের আয়নাবাজিকে।

মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

৩. মোস্তফা সরয়ার ফারুকী
নিজের কাজ নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর তিনি শুরু করেছেন ডুব চলচ্চিত্রের কাজ। ছবিটি মহরত ও শুটিং সবই বছরজুড়ে ছিল খবরের শিরোনামে। এ ছাড়া ফারুকী এ বছর স্ত্রী তিশাকে নিয়ে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকার আমন্ত্রণে এমপিএ-এপিএসএ সেলিব্রেশন রিসেপশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রও গিয়েছিলেন। তা নিয়েও সরব ছিল গণমাধ্যম।

তানিম রহমান
তানিম রহমান

৪. তানিম রহমান
বছরের আলোচিত মিউজিক ভিডিও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’সহ বেশ কিছু ভিডিও নির্মাণ করেছেন তরুণ পরিচালক তানিম রহমান। সব কটি ভিডিওই দর্শকেরা পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার ও আলোচনাও হয়েছে ঢের। এ ছাড়া তানিম রহমান এ বছর শুরু করেছেন আদি নামের একটি ছবির কাজও।

আবদুল্লাহ মোহাম্মদ সা’দ
আবদুল্লাহ মোহাম্মদ সা’দ

৫. আবদুল্লাহ মোহাম্মদ সা’দ
তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সা’দ এ বছর নির্মাণ করেছেন প্রথম ছবি লাইভ ফ্রম ঢাকা। ডিসেম্বরে ছবিটি প্রদর্শিত হয় সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সা’দ ও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা মোস্তফা মনোয়ার। আর এই একটি ছবি দিয়েই আলোচিত নির্মাতাদের তালিকায় উঠে আসেন তিনি।