বছরটা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নাতা শাহরিন, ছবি: খালেদ সরকার
স্নাতা শাহরিন, ছবি: খালেদ সরকার

জায়গায় দাঁড়িয়ে চক্কর দিতে পারত না ছোট্ট স্নাতা। চক্কর শুরু করলে শিক্ষক বলতেন, ‘দরজা খুলে দাও, স্নাতা বের হয়ে যাবে।’
চক্কর দিতে দিতে স্নাতা ঘরের বাইরে চলে যেত। এবারের ঈদে দর্শকেরা দেখলেন মঞ্চজুড়ে ঘুরে ঘুরে ‘কাহি ছিড় ছিড় মুহি’ গানের সঙ্গে তাঁর নাচ। যে গানে নেচেছিলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত।
এই গানে স্নাতাকে কোনো দিন নাচতে হবে, সেটা তিনি ভাবেননি। মাধুরীকে দেখেই নাকি অস্থির তিনি। তবে ছোটবেলা থেকে নাচের উন্মাদনা ছিল। ছোট্ট মেয়েশিশুদের যেমনটা থাকে। কোথাও গান বেজে উঠলেই হাত-পা ছুড়ে ঘরময় নেচে বেড়ানোর অভ্যাস স্নাতারও ছিল। মা শাহিদা বানুর আফসোস ছিল, মেয়ে স্কুল ছাড়া আর কিছুই করে না। বন্ধু আশরাফুল আলমের পরামর্শে স্নাতার বাবা সোলায়মান খোকা মেয়েকে দিয়ে আসেন নাচের শিক্ষকের কাছে। সেই পঞ্চম শ্রেণির কথা।
‘আমার সৌভাগ্য, গানের সঙ্গে নাচ শেখানো স্কুলে নয়। বরং শিবলী স্যারের কাছে গিয়েছিলাম। বাবা হয়তো না বুঝেই দিয়েছিলেন সেখানে। একটা শাস্ত্রীয় ঘরানা শেখা কিন্তু যেনতেন কথা নয়। এখনকার বাবা-মায়েরা এ ব্যাপারে অনেক সচেতন।’
স্নাতা সপ্তম শ্রেণিতে উঠতেই তাঁর মা চাকরি ছেড়েছিলেন। শুরু করেন মেয়ের পিছে খাটুনি। স্নাতার শুরু হয় কঠোর অনুশীলন। ঘরের মেঝেতে চক দিয়ে বৃত্ত এঁকে দিতেন মা। বলে দিতেন, এর ভেতরেই চক্কর দিতে হবে। চকে আঁকা চক্রের ভেতরে চক্কর দেওয়ার চর্চা শুরু করেন স্নাতা শাহরিন। চক্রটা আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগল। একসময় বৃত্তটা চলে আসে পায়ের কাছে। একদিন স্নাতা জায়গায় দাঁড়িয়ে চক্কর দিতে শিখে ফেলেন।
তাঁর নাচ শেখাটাকে আরও রঙিন করে তোলেন শিল্পী শামীম আরা নীপা। নীপার বিশেষ অনুশীলনে স্নাতার গড়ন হয়ে ওঠে আরও নৃত্যোপযোগী। মানুষ ভাবে স্নাতা ডায়েট করে। আসলে তাঁর ভাতের প্রতি নেশা। ভাতের নেশা ধরা পড়ে ২০০০ সালে। গল্পটা স্নাতার কাছ থেকে শোনা।
‘পোপের জন্মদিন ও মিলেনিয়াম পালনে নীপা আন্টির সঙ্গে ইতালিতে গিয়েছিলাম। সেখানকার পিৎজা এত শক্ত ছিল যে দাঁত ভেঙে যেত, পাস্তার ভেতরে একগাদা চিজ। আমরা স্প্যাগেডি খেয়ে থাকতাম। খুব ভাত খেতে ইচ্ছে হতো। অথচ বাসায় কিন্তু ভাত খেতেই চাইতাম না। মাকে ফোনে বললাম, খিচুড়ি আর গরুর মাংস রাঁধো। আমি বিমান থেকে নেমেই সেগুলো খাব। সেই ট্যুরই ছিল ভাতকে ভালোবাসার টার্নিং পয়েন্ট।’
স্নাতার ফিট থাকার আরেকটি কারণ নিজের শিশুসন্তানের সঙ্গে খেলা। ছেলে শ্রেয়ান বড় হয়ে ছোটাছুটি শুরু করল। খাটের নিচে, টেবিলের নিচে লুকালে স্নাতাও ঢুকে পড়েন তার সঙ্গে। ছোটবেলায় অভিনয়ও করেছেন স্নাতা। কিন্তু নাচের জন্য যতটা কষ্ট করেছেন, অভিনয়ের জন্য সেটা করা হয়নি। ফলে অভিনয়টা চালিয়ে নেননি আর। এমনকি টিভির থেকে মঞ্চে নাচতেই ভালোবাসেন এই কত্থক শিল্পী।
২৩ বছর নাচ করে কতটা প্রাপ্তি জমিয়েছেন তিনি? সেগুলো বলে শেষ করা যায় না। তাঁর প্রাপ্তির গোড়াতেই আছে একখানা ছিপছিপে শরীর, শিশুর মতো মন। নিজের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব করতে সময় লাগে না। আর এই বছরটা তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আছে তিনটি রোমাঞ্চকর অর্জন। ১. কত্থক সন্ধ্যায় অংশ নেওয়া। যেটাতে তৃতীয়বারের মতো নাচ করার সুযোগ পেলেন তিনি। ২. জার্মান সংস্কৃতিকেন্দ্র থেকে তরুণদের কোরিওগ্রাফি প্রদর্শনী। আর তৃতীয়টি প্রাচ্যনাটের রাজা ও অন্যান্য নাটকের জন্য চোখধাঁধানো কোরিওগ্রাফি। নাটকের জন্য দুই বছরে মঞ্চের অভিনয়শিল্পীদের তিনি বানিয়ে ফেলেছিলেন নৃত্যশিল্পী। ব্যালে-বলিউড মিলিয়ে-মিশিয়ে কী দুর্দান্ত সেই কোরিওগ্রাফি।
নিজের গুরু শিবলী মহম্মদ, গুরুর গুরু পণ্ডিত বিরজু মহারাজ খুব প্রশংসা করেছেন স্নাতার। এটা তাঁর সব থেকে বড় প্রাপ্তি। বলছিলেন, ‘আমি কখনো তারকা হতে চাইনি, তাঁদের মৌখিক স্বীকৃতিতেই আমি ধন্য। একটা ব্যাপার দ্রুত উপলব্ধি করেছি, মিডিয়ায় আজ যে উজ্জ্বল তারকা, পাঁচ বছর পর তাঁকে আর খুঁজেই পাওয়া যায় না।’