
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনের সামনে দীর্ঘ সারি। সবার হাতে কঞ্জুস নাটকের টিকিট। লোক নাট্যদলের (বনানী) তিন যুগ পূর্তি উপলক্ষে গতকাল বছরব্যাপী অনুষ্ঠানমালার শুরু হলো নাটকটি মঞ্চায়নের মাধ্যমে।
নাটকের আগে ছিল ছোট একটি উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধক লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনীমোহন চক্রবর্তী বলেন, ‘সেই ১৯৮১ সালে হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু। আজ ভরা যৌবনে উপনীত হয়েছি। ভাবতে ভালো লাগে। আমরা শুধু নাটক করি না। বাঙালি সংস্কৃতির শিকড়ের কাজ করি।’
দলটির সভাপতি অভিজিৎ চৌধুরী বছরব্যাপী অনুষ্ঠানমালা তুলে ধরেন। এ বছর সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন নাটক মঞ্চে আনবেন। নভেম্বর মাসে আয়োজিত হবে দেশি ও বিদেশি নাট্যসংগঠনের অংশগ্রহণে আন্তর্জাতিক নাট্যোৎসব। আগামী বছর জানুয়ারিতে থাকছে নাট্য কর্মশালা। মার্চ মাসে হবে নাট্যবিষয়ক সেমিনার। এপ্রিল থেকে মে মাসের মধ্যে আরেকটি নতুন নাটকের মঞ্চায়ন। এবং ৬ জুলাইকে কেন্দ্র করে দলীয় প্রযোজনাসমূহ নিয়ে নাট্যোৎসবের মাধ্যমে শেষ হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা। এ ছাড়া চলবে নিজেদের প্রযোজনাগুলোর নিয়মিত মঞ্চায়ন। করা হবে সোনাই মাধব নাটকটির ২০০তম ও কঞ্জুস নাটকটির ৭০০তম মঞ্চায়ন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্শক উপভোগ করেন মলিয়ের রচিত, তারিক আনাম খান রূপান্তরিত নাটক কঞ্জুস। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। ১৯৮১ সালের ৬ জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়।