বছরব্যাপী যাত্রাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়যাত্রা পালার দৃশ্য
জয়যাত্রা পালার দৃশ্য

দিন যত যাচ্ছে, যাত্রাগানের দর্শকপ্রিয়তা তত বাড়ছে। ঢাকার সন্নিকটে শিমরাইল ট্রাকস্ট্যান্ডের একটি প্যান্ডেলে গত বৈশাখ থেকে চলে আসছে যাত্রাগান। বিরতিহীনভাবে আশুলিয়ার বলিভদ্রতেও অপর একটি প্যান্ডেল যাত্রার রেকর্ড সৃষ্টি করেছে। এই দুটি প্যান্ডেল চলবে চৈত্রের শেষ দিন পর্যন্ত। দেশের কোথাও একটানা বছরব্যাপী যাত্রার আয়োজন এই প্রথম। শিমরাইল যাত্রাগানের আয়োজক রহম আলী বলেন, ‘এই আয়োজনের ভেতর দিয়ে যাত্রাগানের ঐতিহ্য ধরে রাখতে চাই।’
আশুলিয়ার আয়োজক রমজান আলী মিয়া বলেন, সুদ্ধ সংগীত, পরিশীলিত নাচ আর নান্দনিক অভিনয় হলে তার দর্শক কমে না, বরং বাড়ে। দেশের ছোট-বড় অনেক দল এই দুই প্যান্ডেলে যাত্রাগান দিয়ে দর্শক মাতিয়ে রেখেছে। একটি দলের কোনো কোনো পালা দুবার করে মঞ্চস্থ হয়েছে দর্শকের অনুরোধে। সিরাজদ্দৌলা পালা সর্বাধিক মঞ্চস্থ হয়েছে বলে শিমরাইলের মঞ্চ সঞ্চালক জাহাঙ্গীর হোসেন জানান। প্রতিটি প্যান্ডেলে ৪১-৪২টি দল অংশ নিয়েছে। তাতে দুটি প্যান্ডেলে দেড় হাজার শিল্পী-কুশলীর নৃত্য-গীত-অভিনয় দেখতে পেয়েছেন দর্শক। তিন শতাধিক পালা প্রযোজনা হয়েছে। যাত্রাগানে নানামুখী স্নিগ্ধ রসে সিক্ত হয়েছেন দর্শক।
দুটি প্যান্ডেলে চৈত্রের শেষ দিন পর্যন্ত আরও কয়েকটি দল অংশ নেবে। অংশ নেওয়া উল্লেখযোগ্য দলগুলো হচ্ছে চৈতালী অপেরা, ভোলানাথ অপেরা, প্রতিমা অপেরা, রাজমহল অপেরা, চ্যালেঞ্জার অপেরা, জোনাকী অপেরা, কোহিনুর অপেরা, কেয়া যাত্রা ইউনিট, পদ্মা অপেরা প্রভৃতি। দর্শকপ্রিয় পালা সিরাজদ্দৌলা, মা মাটি মানুষ, দেবী সুলতানা, মানবী দেবী, মায়ের চোখে জল ও মমতাময়ী মা। নতুন পালার মধ্যে রক্তাক্ত একাত্তর, সুজন বেদের ঘাট ও চারণ কবি বিজয় দর্শক সাদরে গ্রহণ করেছেন। আদি ভোলানাথ অপেরা দর্শকের বিপুল সাড়া পেয়েছে। শিমরাইল ও আশুলিয়া—দুই প্যান্ডেলেই দর্শক নতুন পালা তিনটি একাধিকবার দেখেছেন।