বছরব্যাপী ‘রবি যাত্রা উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি থেকে দেশের ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হচ্ছে ‘রবি যাত্রা উৎসব’। জানা গেছে, ঢাকা, বগুড়া, নেত্রকোনা, বরিশাল, খুলনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, উল্লাপাড়া ও পাংশায় এই আয়োজন করা হবে। এসব এলাকার আশপাশের যাত্রাপালার দলগুলো অংশ নেবে উৎসবে। রবির পৃষ্ঠপোষকতায় সারা দেশে এই উৎসব আয়োজন করছে যাত্রাভিশন। গতকাল সোমবার সকালে রবির সঙ্গে যাত্রাভিশনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। উপস্থিত ছিলেন রবির চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসু এবং যাত্রাভিশনের জ্যোৎস্না বিশ্বাস ও অরুণা বিশ্বাস।অরুণা বিশ্বাস জানান, ‘উৎসবে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে ১২৫টি যাত্রাদলকে আমন্ত্রণ জানাব। তাদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিটি এলাকায় সপ্তাহব্যাপী এই যাত্রা উৎসব হবে। প্রতিদিন তিনটি করে দল যাত্রাপালা পরিবেশন করবে। এখান থেকে বিচারকদের বিবেচনায় ভালো ৩০টি দল নিয়ে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা হবে। পর্যায়ক্রমে সেরা পাঁচটি দলকে পুরস্কার দেওয়া হবে। প্রথম দলকে দেওয়া হবে পাঁচ লাখ টাকা। অন্য চারটি দলকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি সেরা অভিনেতা, অভিনেত্রী, বিবেক এবং খলনায়ককেও দেওয়া হবে পুরস্কার।’যাত্রা উৎসব আয়োজন প্রসঙ্গে বিদ্যুৎ কুমার বসু বললেন, ‘বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী যে ধারাগুলো আছে, তার মধ্যে যাত্রা অন্যতম। আর এটি একান্তই আমাদের। যাত্রার একটা রুচিশীল দিক ছিল। আমরা দেশের মানুষের সামনে রুচিসম্মত সেই যাত্রাকে আবার ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি যাঁরা এর সঙ্গে জড়িত আছেন তাঁদেরও সম্মান জানাব। এই দৃষ্টিকোণ থেকেই আমরা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।’