বছরের প্রথম দিনে শাকিব-জয়া-শুভ
নতুন বছরের প্রথম দিনে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির শুটিংয়ের জন্য আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব খান, জয়া আহসান ও আরেফিন শুভ। এর মধ্য দিয়ে মাস খানের বিরতির পর ঢাকায় ছবিটির চতুর্থ লটের শুটিং শুরু হচ্ছে। এর আগে পূবাইল, এফডিসি ও মালয়েশিয়ায় ছবির বেশির ভাগ অংশের শুটিং সম্পন্ন হয়। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘ছবির বেশির ভাগ অংশের শুটিং প্রায় শেষ। আশা করছি, খুব শিগগির বাকি অংশের শুটিং সম্পন্ন করতে পারব।’ এদিকে, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির শুটিং করার জন্যই দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা দিতি। ১২ আগস্ট তিনি কানাডায় সন্তানদের কাছে গিয়েছিলেন ছুটি কাটাতে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির শেষভাগের কিছু কাজ করতে আবারও দেশে ফিরলেন দিতি। এ ছবিতে আরও অভিনয় করছেন রাজ্জাক, আনোয়ারা, সুব্রত, সাজু খাদেম, মিমোসহ অনেকে। এই লটেই ছবির প্রায় সব অভিনেতা প্রথমবার একসঙ্গে কাজ করবেন। প্রযোজনা সূত্রে জানা গেছে, খুব শিগগির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির অডিও অ্যলবাম মুক্তি পাবে। আর ২০১৩ সালের মাঝামাঝিতে মুক্তি পাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’।