বছরের প্রথম বড় কনসার্টে মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার সন্ধ্যা। কনকনে ঠান্ডা বাতাসে শরীরে কাঁপুনি ধরে যায়। এমনি অবস্থায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হলো গান। ভক্তদের পছন্দের তালিকা নিয়ে একের পর এক গান শুনিয়েছে দেশের জনপ্রিয় তিনটি ব্যান্ড—মাইলস, এলআরবি ও নগরবাউল। বছরের প্রথম এই বড় কনসার্টের শিরোনাম ‘নকিয়া রক দ্য লিজেন্ডস কনসার্ট’। শুরুতেই মঞ্চে এলেন জেমস ও তাঁর নগরবাউল। দর্শকদের উদ্দেশে বললেন, ‘তোমরাই আমার জান, তোমরাই আমার গান। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’ এরপর গাইলেন ‘লেইস ফিতা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘পদ্মপাতার জল’, ‘যে পথিক নেই বসে আছি সেই পথে’, ‘তারায় তারায় ছড়িয়ে দেব’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’, ‘নাগ-নাগিনীর খেলা’, ‘দুঃখিনী দুঃখ কোরো না’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’সহ ২০টি গান। এরপর মঞ্চে এল মাইলস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শাফিন আহমেদ গাইলেন ‘সে কোন দরদিয়া আমার’ গানটি। তারপর একে একে গাইলেন ‘ধিকি ধিকি আগুন জ্বলে, ‘চাঁদ তারা সূর্য নয়’, ‘ফিরিয়ে দাও’, ‘আজ তোমার জন্মদিন’, ‘পলাশী প্রান্তর’সহ ১০টি গান।শেষ পরিবেশনা ছিল এলআরবির। আইয়ুব বাচ্চু গাইলেন ‘সেই তুমি অচেনা হলে’, ‘সুখ’, ‘রুপালি গিটার’, ‘মন চাইলে মন পাবে’সহ ১১টি গান। সবশেষে ছিল আইয়ুব বাচ্চুর গিটারে অনবদ্য পরিবেশনা। নকিয়ার এই কনসার্ট ছিল নতুন ধরনের আয়োজন। শ্রোতারা কোন গানগুলো শুনতে চায়, ফেসবুকের মাধ্যমে আগেই তা জানিয়ে দিয়েছিল। আর শিল্পীরাও মঞ্চে সেই গানগুলোই শুনিয়েছেন। তাই তো একই কনসার্টে দেশের সেরা তিনটি ব্যান্ডের কাছ থেকে এতগুলো গান শুনতে পেরে মুগ্ধ হয়েছে শ্রোতারা।