বছরের শুরুতে দুটি নাট্যোৎসব
‘সেলিম আল দীন স্মরণ’ উৎসববছরের শুরুতেই ঢাকার মঞ্চে পর পর দুটি নাট্যোৎসব দেখার সুযোগ পাচ্ছেন নাট্যকর্মী-দর্শকেরা। প্রথম নাট্যোৎসব হবে প্রয়াত নাট্যকার অধ্যাপক সেলিম আল দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে। ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে তিন দিনের নাট্যোৎসব হবে শিল্পকলা একাডেমীর দুটি হলে। ‘সেলিম আল দীন স্মরণ’ শিরোনামে এই উৎসব শুরু হবে ১৪ জানুয়ারি, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তিন দিনের সব নাটকই থাকছে সেলিম আল দীনের লেখা। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে প্রথম দিন। ওই দিন মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। নির্দেশনায় নাসির উদ্দীন ইউসুফ। একই দিন ইউসুফ হাসান অর্ক নির্দেশিত জাহাঙ্গীরনগর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক প্রাচ্য মঞ্চস্থ হবে পরীক্ষণ থিয়েটার হলে। ১৫ জানুয়ারি মূল মিলনায়তনে জাহিদ রিপনের নির্দেশনায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের হরগজ নাটকটি। পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে দেশবাংলা থিয়েটারের জুলাল ও সালনা নাটকটি। উৎসবের সমাপনী দিনে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে রেজা আরিফ নির্দেশিত কেরামত মঙ্গল নাটকটি। এটি জাহাঙ্গীরনগর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক।বিজয়ের নাট্যোৎসববাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক এবং ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এর দুই দশক পূর্তি উপলক্ষে ডেইলি স্টার-এর সহযোগিতায় সাত দিনের নাট্যোৎসব করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উৎসবে ২১টি নাটকের দল অংশ নেবে। ‘স্বাধীনতার ৪০ বছর, বিজয়ের নাট্যোৎসব ২০১১’ শিরোনামে উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কমিটির সদস্যসচিব আহাম্মদ গিয়াস জানান, শিল্পকলার তিনটি হলে একযোগে এই উৎসব চলবে। প্রথম দিন ২৫ জানুয়ারি মূল হলে আরণ্যক নাট্যদল পরিবেশন করবে এবং বিদ্যাসাগর নাটকটি, পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা পদাতিক মঞ্চস্থ করবে কথা ৭১, স্টুডিও থিয়েটারে দেখা যাবে প্রাঙ্গণেমোর নাট্যদলের দ্রোহ প্রেম নারী। মূল মিলনায়তনে নাট্যকেন্দ্র পরিবেশন করবে ডালিম কুমার, পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটার বেইলি রোডের মেরাজ ফকিরের মা, স্টুডিও থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের শিখণ্ডী কথা নাটকটি দেখা যাবে ২৬ জানুয়ারি। ২৭ জানুয়ারি মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাট্যচক্রের ভদ্দরনোক, পরীক্ষণ থিয়েটার হলে সুবচন নাট্য সংসদের মহাজনের নাও, স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ঠিকানা নাটকটি। ২৮ জানুয়ারি মূল মিলনায়তনে দেখা যাবে নাগরিক নাট্য সম্প্রদায়ের রক্তকরবী, পরীক্ষণ থিয়েটার হলে লোক নাট্যদল বনানীর সোনাই মাধব, স্টুডিও থিয়েটার হলে এবং অশ্ব মেধযজ্ঞ নাটকটি। দেশ নাটকের প্রাকৃত পুরাঙ্গনা, পরীক্ষণ থিয়েটার হলে সময়ের শেষ সংলাপ, স্টুডিও থিয়েটার হলে দৃশ্যপটের সক্রেটিসের জবানবন্দি দেখা যাবে ২৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি মূল মিলনায়তনে পরিবেশিত হবে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের জলবালিকা, পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা থিয়েটারের ধাবমান, স্টুডিও থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিটের মগজ সমাচার। উৎসবের শেষ দিন ৩১ জানুয়ারি মূল মিলনায়তনে দেখা যাবে লোক নাট্যদল সিদ্ধেশ্বরীর কঞ্জুস, পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটারের (আরামবাগ) জন্মসূত্র, স্টুডিও থিয়েটার হলে সংলাপ গ্রুপ থিয়েটারের বদনাম নাটকটি। উৎসব উদ্যাপন কমিটির উপদেষ্টা ঝুনা চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে আমরা সিটি করপোরেশনের মেয়রের সহযোগিতা নিয়ে মেয়র উৎসবে সফল হয়েছি। এবার আমাদের উৎসবে ডেইলি স্টার পত্রিকা এগিয়ে এসেছে। আগামী দিন এভাবে থিয়েটারের সঙ্গে আরও মিডিয়া এগিয়ে আসবে। তাহলে আমাদের মঞ্চ আরও বেশি আলোকিত হবে।’