বছরের শেষ আয়োজনে কানিজ সুবর্ণা ও নায়লা নাঈম

দীর্ঘ সময় পর বছরের শেষ রাত উদ্যাপনে গান করবেন কানিজ সুবর্ণা। হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’ অনুষ্ঠানে গাইবেন তিনি। এই অনুষ্ঠানে আরও থাকবে মডেল নায়লা নাঈমের নাচের পরিবেশনা। থাকবে ফ্যাশন শোয়ের আয়োজনও। ফ্যাশন শোতে অংশ নেবেন ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত আর ঝুমুর। অনুষ্ঠান শুরু হবে আজ বৃহস্পতিবার রাত আটটায়।
হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন।
একটা সময় বছর শেষ ও শুরুর দিনগুলো উদ্যাপনে দারুণ ব্যস্ত থাকতেন সংগীতশিল্পী কানিজ সুবর্ণা। কিন্তু মাঝে বছর ছয়েক থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানগুলোতে তাঁর পরিবেশনা দেখা যায়নি। এ ছাড়া ওই বছরগুলোতে গান নিয়েও কোনো ব্যস্ততা ছিল না কানিজ সুবর্ণার। এসব বিষয় নিয়ে কানিজ জানান, এ সময়ে দুই ছেলে আইমান আর আজমানকে নিয়ে বেশি ব্যস্ত থেকেছেন। তাদের সময় দিয়েছেন। ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’ আয়োজনে কানিজ সুবর্ণা গান করবেন এক ঘণ্টা।
অন্যদিকে চলচ্চিত্রে আইটেম গান করে জনপ্রিয় হওয়া নায়লা নাঈম জানান, অনুষ্ঠানে তাঁর থাকছে আধা ঘণ্টা নাচের পরিবেশনা।