বছরের শেষ দিনে মঞ্চ মাতাবেন পুনম পাণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনম পান্ডে
পুনম পান্ডে

বর্ষবরণ উত্সব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ প্রথমবারের মতো মঞ্চ পরিবেশনায় অংশ নিতে যাচ্ছেন বহুল আলোচিত-সমালোচিত মডেল ও বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডে। বছর শেষের দিনটিতে মঞ্চ পরিবেশনায় অংশ নিয়ে পারিশ্রমিক হিসেবে তিনি পাচ্ছেন এক কোটি রুপি।
বেঙ্গালুরুর ক্যাপিটাল ক্লাব রিসোর্টে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছেন পুনম। এরই মধ্যে এক কোটি রুপির চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
কানাড়া ছবি ‘লাভ ইজ পয়জন’-এর একটি আইটেম গানে দেখা যাবে পুনমকে। এরই মধ্যে গানটির শুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি। আয়োজকদের চাহিদা অনুযায়ী আজ সেই গানটির সঙ্গেই মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন ২২ বছর বয়সী এই ‘নাশা’ তারকা। পুরোদস্তুর পেশাদার তারকার মতোই মঞ্চ পরিবেশনার আগে মহড়ার পেছনে ব্যস্ত সময় পার করেছেন পুনম।
প্রথম মঞ্চ পরিবেশনার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে পুনম বলেন, ‘আমি আমার দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চোখের সামনে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পারব—এটা ভাবতেই শিহরিত হচ্ছি আমি। আশা করছি, সবাই মিলে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারব।’
পুনম মঞ্চ পরিবেশনায় অংশ নিতে রাজি হওয়ায় দারুণ খুশি ‘লাভ ইজ পয়জন’ ছবির প্রযোজক শেখর কে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমাদের ছবির গানের সঙ্গে পুনম মঞ্চ পরিবেশনায় অংশ নিতে রাজি হওয়ায় আমরা খুবই আনন্দিত।

‘লাভ ইজ পয়জন’ ছবিটি মুক্তি পাচ্ছে নতুন বছরের জানুয়ারি মাসে। মুক্তির আগেই ছবিটি আলোচনায় আসে এর মূল অভিনেতা রাজেশের রহস্যজনক মৃত্যুর কারণে। গত নভেম্বর মাসে নিজের অ্যাপার্টমেন্ট ভবনের দ্বিতীয় তলা থেকে মাটিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। রাজেশের কাছের কয়েকটি সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই জীবনের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন রাজেশ।