বছরের শেষ রাত্রি উদ্যাপন
আজ সূর্যাস্তের পরপরই ২০১৫-কে বরণ করার তোড়জোড় শুরু হয়ে যাবে। টিভি পর্দা যেমন গান আর নাচ দিয়ে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা, তেমনি দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বছরের শেষ রাত উদ্যাপনের অনুষ্ঠান। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বাউলিয়ানায় বর্ষবিদায়’। বেলা তিনটায় শুরু হবে এ কনসার্ট। গাইবে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, বাউল শফি মণ্ডল ও রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র শিল্পীরা। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে। নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠেয় ‘সৈকতে ঝংকার’ কনসার্টে গাইবে ব্যান্ড এলআরবি, দলছুট, ফিডব্যাক ও হায়দার হোসেন। বিকেল পাঁচটা থেকে এ কনসার্টটি দেখাবে দেশ টিভি। কক্সবাজারে রয়েছে থার্টি ফার্স্ট নাইটের আরও একটি কনসার্ট। এসএটিভিতে সরাসরি দেখানো হবে ‘কাউন্টডাউন টু নাইট’ নামের ওই আয়োজন। জেমস ও মিলার পাশাপাশি এতে গাইবেন বাংলাদেশি আইডলের শিল্পীরা। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে কনসার্টটি।