বছরের সেরা ক্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারি আন্ডারউড
ক্যারি আন্ডারউড

বড় হলে মেয়েটা যে দুনিয়া মাত করে ফেলবে, শৈশবেই বোঝা গিয়েছিল। দিনের শুরুটা দেখলেই নাকি টের পাওয়া যায় সারাটা দিন কেমন যাবে, ঠিক তেমন। ধুলা-কাদার ভেতরে খেলা, গাছে চড়ে পাখির ডিম চুরি করা, পোকামাকড় আর প্রজাপতি ধরা মেয়েটার এখন ঘর ভর্তি হয়ে গেছে পুরস্কারে। মেয়েটার নাম ক্যারি আন্ডারউড। ২০১৫ সালের সেরা পপ গায়িকা হয়েছেন তিনি।
প্রাক্তন প্রেমিকদের নিয়ে গাওয়া ‘বিফোর হি চিটস’ গানটির জন্য ২০০৭ ও ২০০৮ সালে পেয়েছেন একগাদা পুরস্কার আর মনোনয়ন। সেটাও তো অনেক পরের কথা। ২০০৫ সালে যখন প্রথম গানের অ্যালবামটা বের হয়, চারদিকে সাড়া পড়ে গিয়েছিল। বিক্রিতে রেকর্ড করা কোনো পপ গায়িকার প্রথম অ্যালবাম তাঁর সাম হার্টস। এমনকি বিলবোর্ডের টপ চার্টের শীর্ষে উঠে আসে তাঁর গাওয়া প্রথম গান ‘ইনসাইড ইয়োর হ্যাভেন’।
গান নিয়ে এত অর্জন যাঁর, তিনি পড়ালেখা করেছেন ব্রডকাস্ট জার্নালিজমে। গায়িকা হওয়ার স্বপ্নটা সেই শৈশব থেকেই। স্বপ্ন থাকলে যে কেউ থেমে থাকে না, সেটা আরও একবার প্রমাণ করেছেন তিনি। নর্থ ইস্টার্ন ইস্ট ইউনিভার্সিটিতে পড়াকালীন নাম লেখান আমেরিকান আইডল প্রতিযোগিতায়। অডিশন দেওয়ার জন্য নাম লেখানোর পরেই বদলে যায় তাঁর জীবন। আমেরিকান আইডলের চতুর্থ আসরের বিজয়ী ক্যারির ঘরের শোকেস ভরে উঠতে থাকে পুরস্কারে আর দেশে-বিদেশে বাড়তে থাকে ভক্ত অনুরাগী। গান গেয়ে এত ভালোবাসা পাওয়ার পর আর সব কিছু তাঁর কাছে ক্ষুদ্র হয়ে যায়। ‘সো স্মল’ গানে দরদ ভরে তিনি গেয়ে ওঠেন কোটি মানুষের মনের কথা, ‘যখন জানবে ভালোবাসাটাই সব, তখন সবকিছুকেই ক্ষুদ্র মনে হবে।’
বয়স মাত্র ২৬ বছর। পৃথিবীর প্রাচীন পপ গানের প্ল্যাটফর্ম গ্র্যান্ড ওলে অপ্রের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার সুযোগ পেয়ে যান তিনি। ১৯২৫ সালে ‘গ্র্যান্ড ওলে অপ্রে’ শুরু করেছিলেন জর্জ ডি হেই। তখন থেকেই নিয়মিত সাপ্তাহিক গানের আসর হয়ে আসছে সেখানে।
কারনিভাল রাইড, প্লে অন, ব্লোন অ্যাওয়ে অ্যালবামের গানগুলো ক্যারিকে একে একে এনে দেয় গ্র্যামি, কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, অামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, মনোনয়ন পেয়েছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পেয়েছেন শ্রেষ্ঠ উপহার। ৩ মার্চ মাইক্রোব্লাগিং সাইট টুইটারে সেই উপহারের ছবি তুলে দিয়ে লিখেছেন, ‘ছোট্ট ছোট্ট হাত-পা... ঈশ্বর আমাদের একটা দারুণ উপহার দিয়েছেন...’ তাঁর প্রথম সন্তান মাইক ফিশার।
রসিকতা করে এক ভক্ত টুইটারে লিখেছেন, ক্যারি আন্ডারউড বলেছেন, তাঁর স্বামীকে যেন মিস্টার আন্ডারউড বলে না ডাকা হয়। বরং মিসেস কারাওকি বিজয়ী বলা যেতে পারে।
বায়োগ্রাফি, উইকি অবলম্বনে