বছরের সেরা চুমুর দৃশ্য রণবীর-দীপিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাম-লীলা’ ছবির দৃশ্যে রণবীর-দীপিকা
‘রাম-লীলা’ ছবির দৃশ্যে রণবীর-দীপিকা

ইদানীং ছবিতে হরহামেশাই চুমুর দৃশ্যে অভিনয় করছেন বলিউডের প্রথম সারির তারকারা। সম্প্রতি অনলাইন ভোটিংয়ের মাধ্যমে গত বছরের সেরা চুমুর দৃশ্য নির্বাচিত করেছেন দর্শকেরা। সেরা চুমুর দৃশ্য নির্বাচিত হয়েছে পর্দা ও বাস্তবের প্রেমিক যুগল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবির চুমুর দৃশ্য।
বলিউডের ছবিতে চুমুর দৃশ্যকে জনপ্রিয় করেছেন ‘সিরিয়াল কিসার’ তকমা পাওয়া বলিউডের অভিনেতা ইমরান হাশমি। এখন পর্যন্ত প্রায় সব ছবিতেই সহ-অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সর্বশেষ গত বছর ‘এক থি ডায়ান’ ও ‘ঘণচক্কর’ ছবিতে সহ-অভিনেত্রী হুমা কোরেশি ও বিদ্যা বালানের সঙ্গে আবেগঘন চুমুর দৃশ্যে অভিনয় করেন ইমরান। কিন্তু গত বছরের সেরা দশ চুমুর দৃশ্যে ঠাঁই পায়নি ইমরানের নাম।
গত বছরের সেরা চুমুর দৃশ্য নির্বাচনের জন্য সম্প্রতি অনলাইন ভোটিংয়ের উদ্যোগ নেয় আইটাইমস ডটকম। সবচেয়ে বেশি ভোট পেয়ে তালিকায় শীর্ষস্থান দখল করে রণবীর-দীপিকার ‘রাম-লীলা। দ্বিতীয় স্থানে রয়েছে সুশান্ত সিং রাজপুত ও পরিনীতি চোপড়ার ‘শুদ্ধ দেশি রোমান্স’। তৃতীয় স্থান অর্জন করেছে নেইল নিতিন মুকেশ-সোনাল চৌহান জুটির ‘থ্রিজি’। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত বছরের ২৬ জুলাই মুক্তি পায় প্রতীক বাব্বর ও নবাগত অমিরা দস্তুর অভিনীত রোমান্টিক ছবি ‘ইশাক’। ছবিটিতে চুমুর দৃশ্যে অভিনয় করেন তাঁরা। অনলাইন ভোটিংয়ে সেরা চুমুর দৃশ্য হিসেবে চতুর্থ স্থান দখল করেছে প্রতীক-অমিরার ‘ইশাক’। সেরা পাঁচের পরবর্তী আসনটিতে রয়েছে রাজীব খান্ডেলওয়ালা ও টিনা দেশাই জুটির ‘টেবিল নম্বর টোয়েন্টিওয়ান’।

তালিকায় সেরা দশে ঠাঁই পেয়েছে যথাক্রমে ফারহান আখতার-রেবেকা ব্রিডস জুটির ‘ভাগ মিলখা ভাগ’, শিবম পাতিল-শীতল সিং জুটির ‘নাশা’, অর্জুন রামপাল-চিত্রাঙ্গদা সিং জুটির ‘ইনকার’, জন আব্রাহাম-কঙ্গনা রানাউত জুটির ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’ এবং রণদীপ হুদা-সাকিব সেলিম জুটির ‘বোম্বে টকিজ’।