বছরের সেরা নির্মাতা স্পিলবার্গ
বছরের সেরা নির্মাতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ।লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ‘আমেরিকান সিনেমা এডিটরস (এসিই) এডি’ পুরস্কারের ৬৩তম আসরে আগামী ১৬ ফেব্রুয়ারি ‘গোল্ডেন এডি ফিল্ম মেকার অব দ্য ইয়ার’ সম্মাননা তুলে দেওয়া হবে স্পিলবার্গের হাতে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ‘দ্য ডেইলি এক্সপ্রেস’।এ প্রসঙ্গে এসিইর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্রজগতের এক ঐশ্বর্যের নাম স্পিলবার্গ। তিনি চার দশকের বেশি সময় ধরে বিশ্বের অগণিত চলচ্চিত্রপ্রেমী দর্শককে উদ্বেলিত করে চলেছেন। চলচ্চিত্রে তাঁর গল্প বলার ধরন স্বকীয় ও শক্তিশালী। চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল এ নির্মাতা উপহার দিয়েছেন নান্দনিক অনেক চলচ্চিত্র। তাঁর চলচ্চিত্রে সংস্কৃতির ছোঁয়াও স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে নিয়ে স্পিলবার্গের ‘লিংকন’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে গত বছরের নভেম্বরে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ‘গ্যাংস অব নিউইয়র্ক’খ্যাত অস্কারজয়ী ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। সেরা ছবি, নির্মাতা, অভিনেতাসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে ৮৫তম অস্কার প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে আছে স্পিলবার্গের ‘লিংকন’।