বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক পেলেন চার গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিশুদের সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিশুদের সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

খেলাঘরের বন্ধুরা প্রিয় সংগঠনের জন্মদিনে একত্র হয়ে নাচ করল, গান করল, করল আনন্দ। সংগঠনের জন্মদিনে দেশের বেশ কজন গুণীকে সম্মানিত করা হয়।গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি কেন্দ্র মিলনায়তনে ছিল খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গেয়ে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন অতিথিরা। এ সময় খেলাঘরের শিল্পীরা গেয়ে শোনান খেলাঘরসংগীত ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক’। ‘ধনধান্য পুষ্পভরা’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে খেলাঘরের শিশু-কিশোর বন্ধুরা।
এ বছর খেলাঘরের ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক’ দেওয়া হয় সাংবাদিক তোয়াব খান, চিত্রশিল্পী আবুল বারক আলভী, প্রাবন্ধিক মফিদুল হক ও সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন অধিকারীকে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লা খান। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ। বজলুর রহমানের নামে সম্মাননা পেয়ে তোয়াব খান বলেন, ‘খেলাঘরের সঙ্গে শুরু থেকেই আমার মনন আর চিন্তার যোগসূত্র। সেই সম্পর্কের সূত্রটি ছিঁড়ে যায়নি।’ মফিদুল হক বলেন, ‘সমাজের এই দুঃসময়ে খেলাঘর একটি প্রেরণার উৎস হয়ে কাজ করতে পারে।’

সাংস্কৃতিক আয়োজনে সমবেত কণ্ঠে ‘জাগো সত্যের শুভ্র আলোয়’ গানটি গেয়ে শোনান খেলাঘরের শিল্পীরা, সমবেত কণ্ঠে আবৃত্তি করা হয় শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতাটি। ছিল ‘ভোরের সূর্য’ গানের সঙ্গে সমবেত নৃত্য, সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন থেকে পাঠসহ আরও নানা পরিবেশনা।