বটতলার নতুন নাটক 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বটতলা এবার মঞ্চে আনছে তাদের পঞ্চম প্রযোজনা। দলটির এবারের নাটক দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া। আফ্রিকার মুহাম্মদ বেন আবদাল্লার লেখা নিরীক্ষাধর্মী নাটকটির অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
জানা গেছে, আগামী ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয়টি হবে একই মিলনায়তনে ২ ও ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায়।
একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে নাটকের গল্পের শুরু। মালওয়াল নামের একজন যুবকের নেতৃত্বে মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নব বিপ্লবীরা। কথা ছিল, রক্তপাত ছাড়াই এ বিপ্লব ঘটানো হবে। কিন্তু তখন মাল্লামের স্ত্রী নিহত হয়। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে গোপন স্থানে চলে যায়। মাল্লামকে বিচারের মুখোমুখি দাঁড় করায় মালওয়াল। শুরু হয় নাটকের মধ্যে নাটক—কয়েক স্তরের নাটক।