বটমূলে ছায়ানটের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে বছরের প্রথম প্রভাতে রমনা উদ্যান স্পন্দিত হয়ে উঠেছিল হাজারো উৎসুকচিত্ত ও আনন্দিত প্রাণের মহাসমারোহে। এবারও বর্ষবরণের কেন্দ্রবিন্দু, রমনা উদ্যানের বটমূলে ছিল ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। মঞ্চ সাজানো হয়েছিল নানা রঙের আল্পনা আঁকা কাপড়ে। অনুষ্ঠানস্থলের নানা রঙের ব্যানার ও ফেস্টুনে দেখা গেছে ‘শুভ নববর্ষ’, ‘স্বাগত ১৪১৮’, ‘সুখে থেকো’, ‘ভালো থেকো’ প্রভৃতি মঙ্গলবারতা। কারও কারও গালেও শোভা পাচ্ছিল বিচিত্র রঙে লেখা এসব শব্দমালা।বছরের প্রথম সূর্যোদয়ের ক্ষণে বেহালায় সুর তুলে অনুষ্ঠানের সূচনা করেন শিউলী ভট্টাচার্য। তিনি বাজান রাগ রামকিলি। এরপর ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠের পরিবেশনা ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ দিয়ে শুরু হয় গানের পালা। অনুষ্ঠানে প্রধানত পরিবেশিত হয় রবীন্দ্র-নজরুল-লালনের গান। এ ছাড়া ছিল লোকসংগীত ও রজনীকান্ত, দ্বিজেন্দ্র লাল রায়, অতুল প্রসাদের গান। একক সংগীত পরিবেশন করেন মিতা হক, ইফফাত আরা দেওয়ান, খায়রুল আনাম, চন্দনা মজুমদার, লাইসা আহমেদ, অদিতি মহসীন, সুষমা দাশ, নাসিমা শাহীন, আজিজুর রহমান প্রমুখ। তাঁরা ‘মোর প্রভাতের এই প্রথম ক্ষণের’, ‘প্রভাত বীণা তব বাজে হে’, ‘বাজাও তুমি, কবি’, ‘সদা আনন্দে থেকো’, ‘তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো’—এসব গান গেয়ে শোনান।এ ছাড়া রবীন্দ্রনাথের প্রবন্ধ ‘মানুষের ধর্ম’ থেকে অংশবিশেষ পাঠ করেন সুমনা বিশ্বাস। ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থী, যন্ত্রীসহ এ অনুষ্ঠানে প্রায় শতাধিক শিল্পী অংশ নেন। সাড়ে আটটায় সম্মিলিত কণ্ঠের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।এর আগে ছায়ানটের অধ্যক্ষ সন্জীদা খাতুন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘১৯৬৭ সালে ছায়ানটের এ আয়োজনের শুরু। এর পর থেকে এ অনুষ্ঠান বাঙালির স্বকীয়তা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে। এ ছাড়া ছায়ানটের ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বে এ অনুষ্ঠান দেখার ব্যবস্থা ছিল।